প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আবু বক্করের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪
প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কার্ডিফ মসজিদের সাবেক ট্রাস্টি মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের প্রবীণ মুরুব্বী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু বক্কর (কটু মিয়া) কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
গত ১৯ আগস্ট সোমবার সকাল সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা গত ২১ আগষ্ট বুধবার দুপুর আড়াইটায় কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজায় ওয়েলস কার্ডিফ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইসলামিক, ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে আত্মীয়-স্বজন, গ্রামবাসী ও বিশিষ্টনেরা উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন কার্ডিফ শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব বিশিষ্ট মাওলানা কাজি ফয়জুর রহমান।
জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় কমিউনিটিতে তাঁর নানা অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ্ব গোলাম মোহাম্মদ মোস্তফা, সাবেক ট্রাস্টি আব্দুল আহাদ চৌধুরী আলহাজ্ব মানিক মিয়া ও পরিবারের পক্ষ থেকে মরহুমের ভাতিজা ও জামাতা মোহাম্মদ মকিস মনসুর।
গত ২৩ শে আগস্ট শুক্রবার মরহুমের মরদেহ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে দেশে পাঠানো হয়। পরে মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় জানাজা শেষে কচুয়া আল-মনসুর হাউসের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় প্রচুর ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জানাজার নামাজের ঈমামতি করেন- কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ঈমাম ও খতীব বিশিষ্ট মাওলানা আলহাজ্ব মোহাম্মদ বদরুল হক। দোয়া পরিচালনা করেন দারল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রধান কারী মাওঃ সিরাজুল ইসলাম মাসুক। এদিকে সমাজসেবক আলহাজ্ব আবু বক্করের রুহের মাগফেরাত কামনায় স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন। মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

