চলে গেলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা ইজ্জাদ আলী
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৮
লন্ডন, ৬ জুন : মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, ৮০’র দশকে প্রকাশিত সাপ্তাহিক প্রবাসীর সম্পাদক ও যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা মাওলানা ইজ্জাদ আলী আর নেই। গত ২৫ জুন সোমবার বিকাল সাড়ে ৩টায় পূর্ব লন্ডনের বারকিং এলাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থায় ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা ইজ্জাদ আলীর নামাজে জানাজার ২৭ জুন বুধবার বাদ জোহর ইস্ট লন্ডন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের মাটিজুরা ভরাউট গ্রামে জন্ম গ্রহণ করেন মাওলানা ইজ্জাদ আলী। ১৯৬২ সালে তিনি যুক্তরাজ্যে আসেন। মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাজ্যে সংগঠকের ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সেন্টার লন্ডন এর প্রতিষ্ঠাকালীন কমিটির প্রচার সম্পাদক ছিলেন। এছাড়া বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
৮০-র দশকের শেষদিকে লন্ডন থেকে তিনি সাপ্তাহিক প্রবাসী পত্রিকা বের করেন এবং প্রকাশক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন।

