সাংবাদিক আ.স.ম মাসুমের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৮
দেশ রিপোর্ট: লন্ডন প্রবাসী সাংবাদিক ও প্রতিশ্রুতিশীল লেখক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার ও ইকরা বাংলা টিভির চ্যারিটি ম্যানেজার আসম মাসুমের মা আলেয়া খানমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত ৬ মার্চ মঙ্গলবার বাদ আসর সুনামগঞ্জের ষোলঘর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
আলেয়া খানমের জানাজার নামাজে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাহের আলম মনসুর, সাংবাদিক খলিল রহমান, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক ও কবি শামস শামীম, জেলা বিএনপির সহ সভাপতি নাদির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীসহ সুনামগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবক, দলিল লেখক ও কন্ট্রাক্টর প্রয়াত আব্দুস ছাত্তারের স্ত্রী ও সাংবাদিক আসম মাসুমের মা আলেয়া খানম (৫৩) গত ৬ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ শহরের বনানীপাড়া বলাকা আবাসিক এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে আসম মাসুম ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আসম মাসুমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

