লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক সভা: শাহাব উদ্দিন বেলালের নামে যেকোনো স্থাপনার নামকরণের দাবি
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৮
সদ্য প্রয়াত সাংবাদিক ও সাবেক কাউন্সিলার শাহাব উদ্দিন বেলালের নামে টাওয়ার হ্যামলেটসে যেকোন একটি স্থাপনার নামকরণের দাবি জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে পূর্ব লন্ডনের শাহ কমিউনিটি হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত শাহাব উদ্দিন বেলাল স্মরণে এক শোক সভায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন এ প্রস্তাব উত্তাপন করলে সকলেই তা সমর্থন করেন।
সংগঠনের সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক সত্যবাণীর উপদেষ্টা সম্পাদক আবু মুসা হাসান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সত্যবাণীর এডিটর এট লার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, টাওয়ার হ্যামলেটসের সাবেক প্রিন্সিপাল মিডিয়া অফিসার সৈয়দ বেলাল আহমেদ, পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, প্রবীণ সাংবাদিক ইসহাক কাজল, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক সুরমা সম্পাদক কবি আহমদ ময়েজ, সাংবাদিক হামিদ মোহাম্মদ, প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান, সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি লিডার রাজন উদ্দিন জালাল, সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক মেয়র সয়ফুল উদ্দিন, বিসিএ’র সাবেক সভাপতি পাশা খোন্দকার, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোশতাক বাবুল, চ্যানেল এস’র হেড অব প্রোগ্রামস ফারহান খান, ব্রিটবাংলা সম্পাদক কামাল মেহদী, বিশিষ্ট ব্যবসায়ী মাহতাব চৌধুরী, জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সাংবাদিক আবু সুফিয়ান, প্রথম আলোর ইউকে প্রতিনিধি তবারকুল ইসলাম পারভেজ প্রমূখ। অনুষ্ঠান প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে সার্বিক সহযোগিতা করেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোবহান, কমিউনিকেশন সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আইটি সেক্রেটারি সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারি তৌহিদ আহমদ ও নির্বাহী সদস্য পলি রহমান।
সভায় বক্তারা সদ্য প্রয়াত শাহাব উদ্দিন বেলালকে একজন মনখোলা মানুষ আখ্যায়িত করে বলেন, বন্ধু ও সহকর্মী মহলে দলমত নির্বিশেষে সকলের সাথে ছিলো তাঁর প্রাণের সম্পর্ক। বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের সামনের কাতারের সৈনিক ছিলেন বেলাল। বক্তারা বলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ হৃদয়ে এমন চেতনাই ধারণ করতেন তিনি। কাউন্সিলার থাকাকালীন স্থানীয়দের হাউজিং সমস্যা সমাধানে আইনের উর্ধ্বে উঠে হলেও সহযোগিতার চেষ্টা করতেন তিনি। লন্ডনের বাংলা মিডিয়ার প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতা আদায়ে কাউন্সিলার শাহাব উদ্দিন বেলালের সহযোগিতার হাত ছিলো সবসময় প্রসারিত, এমন স্মৃতিচারণ করে তাঁর সাংবাদিক সহকর্মীরা বলেন, ব্রিটেনের বাংলা মিডিয়ার সাম্প্রতিক সময় নিয়ে যদি কোন পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয়, তাহলে সেই ইতিহাসে শাহাব উদ্দিন বেলাল নিঃসন্দেহে তাঁর আপন সত্ত্বা নিয়ে হাজির হবেন।
সভায় শাহাব উদ্দিন বেলাল স্মরণে রাখা শোক বইয়ে নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করে স্বাক্ষর করেন অনুষ্ঠানে আগত তাঁর সহকর্মী, সুহৃদ স্বজনেরা। শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক বইটি প্রয়াাত সাংবাদিক বেলালের ছেলের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

