সাংবাদিক ইকবাল মনসুরের জন্য লাইভ টিভি ফান্ডরেইজিং শুক্রবার: লন্ডনে সংবাদ সম্মেলনে ৬ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৮
দেশ রিপোর্ট: লিভার রোগে আক্রান্ত সিলেটের জনপ্রিয় ফটো জার্নালিস্ট ইকবাল মনসুর আশার আলো দেখতে শুরু করেছেন। তাঁর লিভার ট্রান্সপ্লান্টের জন্য ৪৫ লাখ টাকার ফান্ডরেইজিংয়ে সিলেটের পাশাপাশি ইউকে কমিউনিটি ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত ৩০ জানুয়ারি মঙ্গলবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে প্রায় ৭ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়। এ সময় ট্রিটম্যান্ট ফান্ডের এডভাইজার চ্যানেল এস-এর এমডি তাজ চৌধুরী চ্যানেল এস টেলিভিশনে ২ ফেব্রুয়ারি শুক্রবার বিনাখরচে লাইভ অ্যাপিল করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আগত সাংবাদিক ও ইকবাল মনসুরের সহকর্মীরা বলেন, ইকবাল মনসুর সিলেট শহরে জন্ম এবং বেড়ে উঠা। একজন সাহসি ফটো জার্নালিস্ট। সারাজীবন এই এক কাজই করেছেন। নিজের বাসা ছাড়া আরো তেমন কোনো সম্পদ নেই। ভালোই চলছিলো পরিবার। কিন্তু জটিল লিভার তাঁকে করে তুলেছে অসহায়-আর পরিবার দিশেহারা। সিলেটের মিডিয়াকর্মীরা তৎক্ষনাত পাশে দাঁড়ান তাদের প্রিয় সহকর্মীর। প্রধানন্ত্রীর অফিস ৫ লাখ টাকা, সিলেট সিটি মেয়র আরিফুল হকের ৫ লাখ ঘোষনাসহ মোট প্রায় ১৫ লাখ টাকা ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।
মনসুর ট্রিটম্যান্ট ফান্ড ইউকের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এডভাইজার ও চ্যানেল এসের এমডি টিভি লাইভ ফান্ডরেইজিং-এর ঘোষণা দেন। তিনি এবং জেমএজি কার্গোর এমডি ইতোমধ্যে সিলেটে ১লাখ টাকা দান করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফান্ডরেইজিং কমিটির পক্ষে সাংবাদিক আহাদ চৌধুরী বাবু। এ সময় কমিউনিটি নেতা ফারুক চৌধুরী ১হাজার পাউন্ড প্রদানের ঘোষণা দেন। এদিকে লাইভ অ্যাপিলে সহযোগিতা করছে জাস্ট হেল্প ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে উক্ত সংগঠনের ফাউন্ডার সাংবাদিক মিজানুর রহমান মিজান সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকরা পুরো আয়োজনে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে আগামী শুক্রবারের লাইভ অ্যাপিল সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

