‘দেশ’ সম্পাদকের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৭
মতবিনিময় সভায় সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ বলেন, ব্যবসায়ীদের সাথে সাংবাদিকদের সম্পর্ক অত্যন্ত গভীর। কারণ ব্যবসায়ীরা সংবাদপত্রকে বিভিন্নভাবে পৃষ্ঠাপোষকতা দিয়ে থাকেন। লন্ডনে বর্তমানে ছয়টি মুদ্রিত বাংলা সংবাদপত্রের মধ্যে সাপ্তাহিক দেশ একটি জনপ্রিয় পত্রিকা বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশের খবর বিদেশে প্রচার ও বাঙালি কমিউনিটির বিশেষ অবদান, সফলতার গল্প আমরা ব্রিটেনে প্রচার করি, যা প্রবাসে বাংলাদেশের গৌরব ও সম্মান বৃদ্ধি করে। এ ব্যাপারে লন্ডনের ব্যবসায়ী ও কমিউনিটির সার্বিক সহযোগিতা পেয়ে থাকেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সিলেট থেকে লন্ডনে রপ্তানী বৃদ্ধি, ব্যবসায়ীক সম্পর্কের উন্নয়ন, দেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তাঁর মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিলেতের বাংলা মিডিয়ায় তাইসির মাহমুদ অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছেন। তিনি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও সৃজনশীল লেখনীর মাধ্যমে দেশে-বিদেশে মানুষের মন জয় করেছেন। তিনি পেশাক্ষেত্রে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, মাসুদ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান ও চন্দন সাহা।
উল্লেখ্য, অক্টোবরের শেষ সপ্তাহে সিলেটে অনুষ্ঠিত বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স ও সিলেট চেম্বারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন উপলক্ষে সিলেট এসেছিলেন সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। এ সময় তিনি সিলেট চেম্বার অব কমার্সের আমন্ত্রণে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।



