জগন্নাথপুরে ৩ কোটি টাকা ব্যয়ে রিসোর্স সেন্টার ও লাইব্রেরি প্রতিষ্ঠার ঘোষণা দিলেন অর্থপ্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৭
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের জন্য প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রিসোর্স সেন্টার ও লাইব্রেরি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। গত ১১ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে তাঁর সম্মানে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা প্রদান করেন। এসময় মন্ত্রী বলেন, সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর তাই যেখানে শিক্ষার জন্য অবকাঠামো প্রয়োজন সেখানে সরকার সহযোগিতা করবে। তিনি তিন কোটি টাকার এই প্রজেক্টের কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানান।
মতবিনিময় সভায় মন্ত্রী এম এ মান্নান দেশে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বিভিন্ন কর্মসূচির ভূয়শী প্রশংসা করেন । তিনি ট্রাস্টের নির্ধারিত জায়গায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন।
সংগঠনের সভাপতি আশিক চৌধুরীরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আলফাজুর রহমান জাকির, সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, সিনিয়র ট্রাস্টি নূরুল হক লালা মিয়া, এম এম নূর, সহ সভাপতি আব্দাল মিয়া, সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাবেক ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু, সহ সভাপতি খান জয়নাল আবেদিন, ফারুক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওদুদ, ট্রাস্টি সাদিকুর রহমান কোরেশী, মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী, কমিউনিটি নেতা আশরাফ উদ্দিন, আনা মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ বছর যাবত এলাকার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। ইতোমধ্যে প্রায় ২০ হাজার স্টুডেন্ট এই ট্রাস্ট থেকে সুবিধা ভোগ করেছে। তিন কোটি টাকার প্রজেক্ট ঘোষণা করায় বাংলাদেশ সরকার এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি মহিব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি



