বড়লেখায় ৬০ পরিবারে জমজম ট্রাস্টের ৭৫ হাজার টাকার ‘ফুডপ্যাক’ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩
জমজম চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর ও বাদে ভাটাউছি গ্রামে ৬০টি পরিবারে ৭৫ হাজার টাকার ‘ফুডপ্যাক’ বিতরণ করা হয়েছে। গত ১৪ এপ্রিল শুক্রবার এলাকার সামাজিক সংগঠন ‘ভবানীপুর-বাদে ভাটাউছি উন্নয়ন ফোরামে’র তত্তাবধানে এই ফুডপ্যাক বিতরণ করা হয়। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ।
ভবানীপুর-বাদে ভাটাউছি উন্নয়ন ফোরামের সভাপতি এবাদুর রহমান বলেন, আমরা জমজম চ্যারিটেবল ট্রাস্টের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁদের মহানুভবতায় আমাদের এলাকার ৬০টি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে রমজান ও ঈদ উপহার তুলে দিতে পেরেছি। মানুষ এই উপহার পেয়ে খুবই আনন্দিত। আমরা আশাবাদী, জমজম ট্রাস্ট ভবিষ্যতেও আমাদের এলাকায় তাঁদের সেবা কার্যক্রম অব্যাহত রাখবে।

জমজম চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী জানান, প্রতি বছর রমজানে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এই বছর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা ও চাঁদপুরে ১ হাজার ২৭০টি পরিবারে ফুডপ্যাক এবং ১৭০ পরিবারে নগদ ১লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিনি যাঁরা এই উপহার সামগ্রী প্রদানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশে যাঁরা পরিবেশনে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

