কমিউনিটি নেতা রউফুল ইসলামের ইন্তেকাল, নিজের ক্রয় করা কবরে দাফন
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০
আলী বেবুল : যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভূমিদাতা, অন্যতম ট্রাস্টি ও হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি রউফুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গত ১৯ এপ্রিল বিকেল আড়াইটায় পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার উড গ্রেঞ্জ পার্ক সেমিট্রিতে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি নিষেধের কারণে তাঁর ছেলে ও ভাইসহ পরিবারের অপর ৫ জন সদস্য জানাজা ও দাফনে অংশ নেন। প্রসঙ্গত, মৃত্যুর পূর্বে রউফুল ইসলাম উক্ত সেমিট্রিতে নিজের কবরস্থান ক্রয় করে রেখেছিলেন। রউফুল ইসলামের শেষ ইচ্ছানুযায়ী এখানেই তাকে দাফন করা হয়। রউফুল ইসলাম পূর্ব লন্ডনের ম্যানর পার্কের সেকেন্ড এভিনিউতে বসবাস করতেন। রউফুল ইসলাম মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল শুক্রবার রাত ১০টায় লন্ডনের রমফোর্ডের কুইন্স হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, রউফুল ইসলাম ১৯৫৬ সালের ১ মার্চ সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সিলেট পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রী লাভ করেন। সে সময় তিনি বাংলাদেশ ছাত্রলীগ পলিটেকনিক শাখার সভাপতি ও ১৯৭৭ সালে জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
১৯৮৫ সালে তিনি যুক্তরাজ্যে চলে আসেন। যুক্ত হন বিভিন্ন কমিউনিটি কর্মকান্ডে। ১৯৮৭ সালে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা হলে অগ্রণী ভূমিকা রাখেন এবং পাশাপাশি প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করা হলে প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৪-২০০৫ সালের কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। তিনি ছিলেন এর অন্যতম উদ্যোক্তা। বিয়ানীবাজার পৌর এলাকায় হাসপাতালের জন্য কোটি টাকা মূল্যের প্রায় ৬০ শতক ভূমি দান করে এ প্রকল্পের অগ্রযাত্রায় বিরাট ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সেন্টারের আজীবন সদস্য, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাহী সদস্য, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সংগঠক এবং কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অনারারি ট্রাস্ট ছিলেন। পূর্ব লন্ডনের বায়তুল আমান মসজিদ ও ম্যানর পার্কের শাহজালাল মসজিদ এর উন্নয়নসহ বিয়ানীবাজারের গোলাবিয়া পাবলিক লাইব্রেরির নতুন ভবনের বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা কর্তৃক দ্বিতীয় তলা নির্মাণে ভূমিকা পালনসহ বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে দেশে ও বিদেশে তিনি পরিচিত ছিলেন। এছাড়া ও নিউহ্যাম আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। রউফুল ইসলাম জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লোকমান আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এমরান আহমদের চাচাতো ভাই ও সাপ্তাহিক জনমতের সহকারি সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদের মামাতো ভাই।
এদিকে তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিসহ দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, যুক্তরাজ্যে প্রবাসী কমিউনিটি নেতা, বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের কৃতি সন্তান, জনদরদি সমাজ সেবক রউফুল ইসলামের মৃত্যু আমাদের জন্য অপুরণীয় ক্ষতি হলো। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সামস উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান মাসুম হোসেন, সিইও মোহাম্মদ সাব উদ্দিন, ফান্ড রাইজিং ডিরেক্টর আলহাজ্ব আব্দুল সফিক, বাংলাদেশ সেন্টার লন্ডন’র সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নইম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু ও কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, কমিউনিটি নেতা ও সাংবাদিক কেএম আবু তাহের প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

