লন্ডনে বিশ্বনাথের সাংবাদিক ও কমিউনটি নেতৃবৃন্দের সাথে মাস্টার ইমাদ উদ্দিনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯
লন্ডন, ১৯ জুলাই: যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ এলাকার সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন। গত ১৬ জুলাই, মঙ্গলবার পূর্ব লণ্ডনের উডেনহাম গার্ডেন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি আব্দুল কাইয়ুম। সাংবাদিক আব্দুল বাছিত রফির পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আবুল কালাম। মতবিনিময় সভায় বিশ্বনাথের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকাসহ প্রবাসী সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরা হয়।
এসময় বক্তারা হাফিজ মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশ্বনাথ সাহিত্য সংসদের সভাপতি মাস্টার ইমাদ উদ্দীনকে একজন আদর্শ শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি শুধু শিক্ষা বিস্তারেই অবদান রাখেননি বরং সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শত শত তরুণ ও যুবসমাজকে সুপথে পরিচালিত হতে অগ্রণী ভূমিকা রেখেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের সহ-সভাপতি মির্জা আসহাব বেগ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, কবি ও গীতিকার কাউন্সিলার শাহ সোহেল আমিন, সাংবাদিক আব্দুস ছোবহান, ওয়ানবাংলা সম্পাদক জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ এইডের চেয়ারপার্সন আব্দুর রহিম রঞ্জু, কমিউনিটি নেতা নূর বকস, জাহেদ চৌধুরী, ফারুক মিয়া প্রমুখ।
মাস্টার এমাদ উদ্দিন তাকে নিয়ে মতবিনিময় সভা আয়োজনের জন্য সংশ্লিস্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, বৃটেনের নানামুখী ব্যস্ত জীবনে পরিবার-পরিজন নিয়ে সৎপথে চলার পাশাপাশি দেশমাতৃকার উন্নয়ন চিন্তায় আপনারা নিজেদেরকে যেভাবে সম্পৃক্ত রেখেছেন তা সত্যি প্রশংসনীয়।

