বিলেতের সংবাদিকদেও সৌহার্দ্যপূর্ণ অবস্থান অনুকরণযোগ্য —প্রেসক্লাবের মতবিনিময় ও নৈশভোজে কবি মুহিত চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৯
সম্প্রতি লন্ডন বাংলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজ এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, কবি মুহিত চৌধুরীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ, মঙ্গলবার নারী এশিয়ান ম্যাগাজিনের ডাইরেক্টর ও লন্ডন বাংলা প্রেসক্লাবের লাইফ মেম্বার সাবু নেওয়াজের আমন্ত্রণে তাঁরই রেস্টুরেন্ট চেডওয়েল হীথের মাগরিব গ্রীল রেস্টুরেন্টে নৈশভোজপূর্বে বৃটেন সফররত সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, কবি মুহিত চৌধুরী সাথে ক্লাব নেতৃবৃন্দ এক মতবিনিময়ে মিলিত হন।
লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি ও চ্যানেল এসর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় সভার শুরুতে বৃটেন সফররত সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, কবি মুহিত চৌধুরীকে স্বাগত জানিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী বলেন, মুহিত চৌধুরী একজন সিনিয়র সাংবাদিক এবং বড় মাপের লেখক। দশম শ্রেণীর ছাত্রাবস্থায় ‘আঁখি ভরা জল‘ নামে একটি উপন্যাস তিনি লিখেছিলেন। এমদাদুল হক চৌধুরী একই সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করার জন্য নারী এশিয়ান ম্যাগাজিনের ডাইরেক্টর ও প্রেসক্লাবের লাইফ মেম্বার সাবু নেওয়াজকেও ধন্যবাদ জানান।
মতবিনিময়ে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, কবি মুহিত চৌধুরী বলেছেন, বিলেতের ব্যস্ত জীবনেও সাংবাদিকতার মাধ্যমে বাংলাভাষার চর্চা, বাঙালির সুখ-দুখ, সমস্যা, সম্ভাবনা এবং সাফল্য ও কৃতিত্বের কাহিনী মিডিয়ায় তুলে ধরে পেশাদারিত্বের প্রত্যাশিত প্রকাশ ঘটাচ্ছেন বৃটেনের বাংলা মিডিয়ার সাংবাদিকরা। এখানকার সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমাকে মুগ্ধ করে। যা বাংলাদেশসহ বহির্বিশ্বের অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশী সাংবাদিকদের মাঝেও খুঁজে পাওয়া অনেকাংশে দুষ্কর। তিনি বলেন, আমিও একসময় আমেরিকা প্রবাসী ছিলাম। একজন মিডিয়ার মানুষ হিসেবে আমি সেখানকার সাংবাদিকদের বন্ধুর মাঝে মধ্যকার সম্পর্কের দূরত্ব ও সৌহার্দ্যরে অভাব আমাকে পীড়া দিতো। বিলেতে অনেকবার এসেছি উল্লেখ করে তিনি বলেন, যতোবার এসেছে এখানকার আমাদের সাংবাদিকবন্ধুদের বন্ধুত্বপূর্ণ সাহচর্য আমাকে মুগ্ধ করেছে।
সভার শুরুতে অতিথি কবি মুহিত চৌধুরীর সংক্ষিপ্ত পরিচিতি তুলেন প্রেসক্লাবে নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক আবদুল কাইয়ূম। নৈশভোজ পর্বে নারী এশিয়ান ম্যাগাজিনের সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য কবি শাহনাজ সুলতানার পরিচালনায় সবাইকে আপ্যায়নে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নৈশভোজের আয়োজক সাবু নেওয়াজ। তিনি তাঁর বক্তব্যে কমিউনিটিতে লন্ডন বাংলা প্রেসক্লাবের মর্যাদাপূর্ণ অবস্থান ও ভূমিকার প্রশংসা করে বলেন, এই ক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দসহ সাংবাদিকবন্ধুদের আপ্যায়িত করতে পেরে আমি সত্যি আনন্দিত।
লন্ডন বাংলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মুহিত চৌধুরী আরো বলেন, অবাধ সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনের ডিজিটাল প্রচারণা ছিলো খুবই আকর্ষণীয়। নির্বাচনের আগের ও পরের এখানকার সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ অবস্থান সত্যি অনুকরণীয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ, চ্যানেল এস-র সিনিয়র সংবাদ পাঠক ডা. জাকি রেজওয়ানা, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, চ্যানেল এস-র হেড অব নিউজ কামাল মেহেদী, ইক্বরা টিভির হেড অব প্রোডাকশন হাসান হাফিজুর রহমান, উইকলি মিরর সম্পাদক আব্দুল করিম গনি, সিনিয়র সাংবাদিক শেখ মুজাম্মেল হোসেন কামাল, লন্ডন বাংলা টুয়েন্টিফোরের আব্দুল মুনিম ক্যারল, এলবিটিভির মিজানুর রহমান, এনটিভির চীফ রিপোর্টার আকরাম হোসাইন, কাউন্সিলার শাহ সুহেল আমীন ও ইউকেবিডির আমিমুল ইসলাম তানিম।
সভায় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি মতিউর রহমান চৌধুরী, কমিউনিকেশন সেক্রেটারি এমএ কাইয়ূম, আইটি সেক্রেটারি সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারি রেজাউল আলম মৃধা এবং নির্বাহী সদস্য পলি রহমান, এলবিটিভির প্রধান শাহ ইউসুফ, সানরাইজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনাম চৌধুরী, সাপ্তাহিক সুরমার স্পোর্টস রিপোর্টার মুহাম্মাদ শরীফুজ্জামান, এলবিটিভির আলাউর রহমান শাহীন ও জুবায়ের আহমদ, বাংলা কাগজের সুফিয়া আলম প্রমুখ।
মতবিনিময় সভার অতিথি মুহিত চৌধুরীকে ফুল ও প্রেসক্লাবের লগো সম্বলিত মগ উপহার প্রদান করেন ক্লাব নেতৃবৃন্দ। একই সাথে দেশ থেকে উপহার হিসেবে নিয়ে আসা লাল-সবুজের পতাকার স্মারক মাফলার নির্বাহী কমিটি সবাইকে পরিয়ে দেন মুহিত চৌধুরী। এছাড়াও নির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরণ করেন নৈশভোজের আয়োজক সাবু নেওয়াজ।
অতিথি কবি মুহিত চৌধুরী, নৈশভোজের আয়োজক সাবু নেওয়াজ ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাপোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি

