অফস্ট্যাড রিপোর্টে জামেয়াতুল উম্মাহ স্কুলের আউটস্ট্যান্ডিং লেভেল অর্জন
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৮
লন্ডন, ১৬ মার্চ: অফস্ট্যাডের রিপোর্টে পূর্ব লন্ডনের জামেয়াতুল উম্মাহ সেকেন্ডারি বয়েজ স্কুলের সাফল্যের খবর জানাতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের বিগল্যান্ড স্ট্রিটের কেয়ার হাউসে কয়সরুল আলম আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামিয়াতুল উম্মাহর ছাত্র ইউনুস বিন কালাম। সংবাদ সম্মেলনে জামেতুল উম্মাহ সেকেন্ডারি স্কুলের গভর্ণিং বডির চেয়ারম্যান শাব্বির আহমদ কাওসার অফস্ট্যাড রিপোর্টের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গত ৯ থেকে ১১ জানুয়ারি তিনদিনব্যাপী অফস্ট্যাড কর্মকর্তারা স্কুলটি পরিদর্শন শেষে তাদের রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন। স্কুলটি শিক্ষাক্ষেত্রে উন্নত পরিবেশ ও মান বজায় রেখে ভাল ফলাফল অর্জন করে আউটস্ট্যান্ডিং লেভেল অর্জনে সক্ষম হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
জামেতুল উম্মাহ’র বিগত দিনের বিভিন্ন সফলতার দিকগুলো তুলে ধরে স্কুলের প্রিন্সিপাল নজরুল ইসলাম বলেন, আমাদের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে জামেয়াতুল উম্মাহ প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত যেসকল পিতা-মাতা, অভিভাবক, স্কুলের কর্মকর্তা, ট্রাস্টি, শিক্ষক, কমিউনিটির নেতৃবৃন্দ ও সাবেক ছাত্র নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। তিনি বলেন, জামেয়াতুল উম্মাহ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শোকর আদায় করছি। স্কুলটি লেখাপড়ায় টাওয়ার হ্যামলেটসের মধ্যে সেরা এবং ইতোমধ্যে ২০১৬ সালে দেশের লীগ টেবিলে ৪৭তম সেরা স্কুলের তালিকায় স্থান পেয়েছে। এছাড়া জিএসসি পরীক্ষায় স্কুলের ছাত্ররা শতভাগ ভালো ফলাফল লাভ করেছে। তিনি বলেন, আমাদের ছাত্ররা এখান থেকে ভাল ফলাফল লাভ করে উচ্চ শিক্ষার জন্য অক্সফোর্ড, ক্যামব্রিজ, আল-আজহারসহ বিশ্বের সুনামখ্যাত ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। আগামীতেও স্কুলের লেখাপড়ার মানোন্নয়ন এবং সফলতার ধারা যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ নজর রাখবে। আমাদের পাস্পরিক ঐক্যের মাধ্যমে স্কুলকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ব্যাপারে সকলের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সাঈদ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা। বক্তারা স্কুলের সফলতার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষক, ছাত্র ও কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এখান থেকে ভাল লেখাপড়া করে আমাদের সন্তানরা ইসলামী স্কলার হিসেবে বের হয়ে এই বহুজাতিক সমাজের কল্যাণে প্রতিনিধিত্ব করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। শেষে শায়েখ মাওলানা ফারুক হোসেইনের বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং নৈশভোজের মাধ্যমে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

