আল মিজান স্কুল ও এলইএ’র হাফিজ-গ্রাজুয়েশন সিরিমনি : ১৩ বছরে ৬৬ শিক্ষার্থীর হিফজ গ্রাজুয়েশন লাভ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৮
ইস্ট লন্ডন মস্ক পরিচালিত আল-মিজান স্কুল ও লন্ডন ইস্ট একাডেমি থেকে এ বছর ৭ শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন। এ নিয়ে গত ১৩ বছরে ৬৬ জন শিক্ষার্থী কুরআনের হিফজ সম্পন্ন করলেন । হিফজ সম্পন্নকারী ছাত্রদের নিয়ে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের নিচতলায় অনুষ্ঠিত হয় ৮ম বার্ষিক হাফিজ-গ্রাজুয়েশন সিরিমনি। অনুষ্ঠানে হাফিজদের পাগড়ি পরিয়ে দেওয়ার পাশাপাশি ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয় । পুরস্কার তুলে দেন ইকবাল খান, উস্তাদ মুহিদুজ্জামান, শাকিল আহমদ, উস্তাদ মোহাম্মদ বদর, আমজাদ হোসাইন, কামরুল হোসাইন ও ফকরুল হোসোইন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-মিজান স্কুল ও লন্ডন ইস্ট একাডেমির হিফজ সেকশনের স্পনসর ও ফজর ক্যাপিটেল এর সিইও ইকবাল খান, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান, ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ূম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ, লন্ডন ইস্ট একাডেমির প্রধান শিক্ষক আসকর আলী ও ইসলামিক সায়েন্স এর প্রধান মোহাম্মদ বদর।
পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ৭ শিক্ষার্থী হচ্ছেন, উমায়ের তানভীর, ঈসা আবদুল্লাহ আলম, সাকির ইসলাম কাবির, কায়সান আহমদ, উমর ইউনুস মিয়া, মাহফুজ ওয়াদুদ ও ওয়াসিদ তাহামী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী ইয়াহইয়া মুসাব। স্বাগত বক্তব্য রাখেন লন্ডন ইস্ট একাডেমির শিক্ষার্থী জাকারিয়া আলী ও সামি আহমদ।

বক্তারা বলেন, আজ যারা হিফজ সম্পন্ন করলো তারাই আমাদের ভবিষ্যতের রুল মডেল। তারাই একসময় বৃটিশ পার্লামেন্টে আমাদের ভয়েস তুলে ধরবে। তারাই এদেশের সিভিল সার্ভিসে উচ্চপদে সেবা দিবে, ব্যাংকার, অ্যাকাউন্টেন্ট হবে । বক্তারা আরো বলেন, আল্লাহ তায়ালার বিশেষ করুনা ছাড়া কারও পক্ষে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করা সম্ভব নয়। এই দুটো প্রতিষ্ঠান থেকে যে ৬৬ ছাত্র হিফজ সম্পন্ন করলো, তাদের উপর অবশ্যই আল্লাহ তায়ালার বিশেষ করুণা রয়েছে। যারা হাফিজ হয়েছেন তাদের উপর আজ থেকে দায়িত্ব আরো বেড়ে গেলো। এতদিন কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে তারা পবিত্র কুরআনকে মুখস্থ করেছিলেন । এবার কুরআনকে অন্তরে গেঁথে রাখতে মৃত্যু পর্যন্ত নিয়মিত তেলাওয়াতের প্রাকটিস করে যেতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

