অবশেষে বার্সার সঙ্গে মেসির চুক্তি, রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৭
দেশ ডেস্ক: নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার পর গুঞ্জন উঠে দল ছাড়তে পারেন লিওনেল মেসিও। কারণ তখনও ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি এই আর্জেন্টাইন তারকা। শঙ্কা দেখা দেয় ন্যু ক্যাম্পে মেসির ভবিষ্যত নিয়ে।
গুঞ্জন শোনা যায় বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাবেন মেসি। অবশেষে থেমেছে সকল গুঞ্জন। নাটকীয়তার পর নতুন চুক্তিতে সই করেছেন বার্সেলোনার মহাতারকা মেসি। ২০২০-২১ মৌসুম পর্যন্ত কাতালানদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
এতদিন মেসির চুক্তি নিয়ে দ্বিধায় ছিলেন বার্সেলোনা সমর্থকরা। এই প্রসঙ্গে মেসিও চুপ ছিলেন। বার্সা কর্তৃপক্ষও যথাযথ কোনও মন্তব্য করেনি। যদিও বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তামেউ বলেছিলেন নতুন চুক্তিতে মেসি সই করেছে। তবে অপেক্ষা করতে হবে চুক্তিপত্রের সঙ্গে মেসির আনুষ্ঠানিক ছবি তোলা পর্যন্ত। অবশেষে ক্লাব সভাপতিকে পাশে বসিয়ে চুক্তিপত্রের সঙ্গে ছবি তুললেন মেসি।
এই প্রসঙ্গে বার্সেলোনার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে জানা গেছে মেসির বাই আউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ মেসিকে যদি কোনও ক্লাব কিনতে চায় তবে সেই ক্লাবকে গুনতে হবে ৭০০ মিলিয়ন ইউরো।
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পা রাখেন মেসি। ক্লাবটির যুব একাডেমিতে বেড়ে ওঠার পর ২০০৩ সালে বার্সার সিনিয়র দলের হয়ে অভিষেক হয় এই আর্জেন্টাইন তারকার। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৬০২টি ম্যাচে ৫২৩টি গোল করেছেন কিং লিও। ন্যু-ক্যাম্পের দলটির হয়ে রেকর্ড সর্বোচ্চ (ইনিয়েস্তার সঙ্গে যৌথভাবে) ৩০টি শিরোপা জেতেন মেসি। এরমধ্যে আটটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ এবং পাঁচটি কোপা ডেল রে’র শিরোপা রয়েছে।

