সংগীতশিল্পী মিলাকে মারধরের অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৭
দেশ, ৭ অক্টোবর: সংগীতশিল্পী মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজিরকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৪। বৃহস্পতিবার রাতেই পারভেজ সানজিরকে গ্রেপ্তারের পর আদালতে চালান দেয়া হয়। বিষয়টি জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার এসআই (তদন্ত) আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, মিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভেজ সানজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কণ্ঠশিল্পী মিলা বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি ছিলেন। উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজিরের সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্ক ছিল। এ বছরের ১২ই মে রাতে মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

