রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের মায়ানমার এম্বাসি ঘেরাও
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৭
মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে লন্ডনের মায়ানমার এম্বেসী ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচী পালন করেছে মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস।
গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংগঠনের চেয়ারম্যান সাঈদ বাকীর সভাপতিত্বে ও সংগঠনের ভাইস চেয়ারম্যান মাহবুব আলী খানশূর এবং মানবাধিকার কর্মী ফরিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির প্রবীন নেতা একেএম তাহের চৌধুরী। বক্তব্য রাখেন ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস’র উপদেষ্টা ব্যারিস্টার আব্বাস নোমান, ভয়েস ফর বাংলাদেশের কনভেনর আতাউল্লাহ ফারুক, বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের পক্ষে দো খিন হ্লা, ইনফরমেশন সেক্রেটারি নোমান, সাপোর্টিং রোহিঙ্গা কেম্পেইন এরাউন্ড ইউকে’র পক্ষে মার্ক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার ওবাইদুর রহমার টিপু, বিএনপি ইউকে’র জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম মামুন, ইরাকী নাগরিক গবেষক কাউথার আয়েদ প্রমূখ। সভায় জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য জোর দাবি জানানো হয়।
এসময় মানবাধিকারকর্মীরা ‘স্টপ কিলিং মুসলিম ইন মায়ানমার’, ‘নো মোর রোহিঙ্গা কিলিং ইন মায়ানমার’, ‘ওআইসি প্লিজ সেইভ মুসলিমস’, ‘উই আর সিকিং ইউএন এটেনশন টু সেইভ রোহিঙ্গা’ প্রভৃতি প্লেকার্ড নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচীতে ভয়েস ফর বাংলাদেশ, ভয়েস ফর জাস্টিস এবং ভয়েস ফর চেঞ্জ নামে তিনটি মানবাধিকার সংগঠন একাত্মতা প্রকাশ করেন।
সভায় একেএম আবু তাহের চৌধুরী বলেন, মিয়ানমারে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনী, পুলিশ ও সীমান্ত রক্ষীবাহিনীর নির্যাতন নির্মমতা বিশ্বের ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করেছে। তিনি রোহিঙ্গা ইস্যু সমাধানে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ দায়েরের জন্য দাবি জানান।
সভায় ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস’র চেয়ারম্যান সাঈদ বাকী বলেন, মিয়ানমারে আজ বিশ্ব মানবতা ভুলণ্ঠিত। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সূচির নেতৃতাধীন সরকারের নির্দেশে ও মদদে ঘটছে এ নারকীয় কাজ। মিয়ানমারে নির্বিচারে হত্যা, ধর্ষণ বিশ্ববিবেককে যেভাবে নাড়া দেয়ার কথা অথচ সেভাবে জোরালো প্রতিবাদ বা সহযোগিতা নেই। তিনি এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

