জাপা প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানের মায়ের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৭
দেশ রিপোর্ট: যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা টাইমস (অধুনালুপ্ত) এর প্রধান সম্পাদক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের মা জমিরুন নেসা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২২ আগস্ট, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৪ ছেলে এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম নামাজে জানাজা বনানী মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার বাদ এশা সিলেটের বিয়ানীবাজারে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে আংগুরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এইচএম এরশাদসহ বিভিন্ন মহলের শোক: এদিকে তাজ রহমানের মায়ের মৃত্যুতে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাছাড়া লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ এক পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোকবার্তায় সাপ্তাহিক জনমত এর সম্পাদক নবাব উদ্দিন, নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরীসহ জনমত পরিবারের পক্ষ থেকে জনাব তাজ রহমানের মাতা জমিরুন নেসার মৃত্যুর শোক প্রকাশ করা হয়েছে।

