লন্ডনে মাকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য, প্রতিবাদ করায় বাংলাদেশি তরুণের ওপর হামলা
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫
দেশ ডেস্ক:: লন্ডনে এক বাংলাদেশি তরুণ বর্ণবাদী হামলার শিকার হয়েছেন। অভিযোগ, হিজাব পরা মাকে উদ্দেশ করে করা ‘বর্ণবাদী’ মন্তব্যের প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটে।
১০ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে হিথরো বিমানবন্দরসংলগ্ন আশফোর্ডের চার্চ রোডে এ ঘটনা ঘটে। আহত তরুণের নাম ইখতিয়ার মৃধা (২১)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্বেতাঙ্গ এক বাবা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইখতিয়ার জানান, সেদিন তিনি মা নাহিদা আক্তার ও ছোট ভাইকে নিয়ে গাড়ি চালিয়ে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন। খাবার কেনার জন্য চার্চ রোডের একটি দোকানের সামনে গাড়ি থামালে তাঁর মা নামেন। এসময় এক শ্বেতাঙ্গ ব্যক্তি নাহিদাকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন। বিষয়টি শুনে ইখতিয়ার প্রতিবাদ জানান এবং দুঃখ প্রকাশের দাবি করেন।
এরপর ওই ব্যক্তি গাড়ি থেকে ব্যাট এনে ইখতিয়ারের মাথায় আঘাত করেন। এ সময় তাঁর বাবাও হামলায় অংশ নেন। এমনকি গাড়ি নিয়ে পালানোর সময় নাহিদার ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। ইখতিয়ার মাকে টেনে সরিয়ে নেন। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
জরুরি নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। আহত নাহিদাকে অ্যাম্বুলেন্সে সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়। মাথায় পাঁচটি সেলাই দেওয়ার পর তিনি এক দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
ঘটনার পর পুলিশ হামলাকারী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আগামী ১৩ অক্টোবর আদালতে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইখতিয়ার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজও করেন। ২০১৬ সালে তাঁদের পরিবার ইতালি থেকে লন্ডনে আসে। ইখতিয়ারের বাবার নাম দুলাল মৃধা, বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।

