স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫
দেশ ডেস্ক:: এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক (মার্কা) থাকছে না। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন।
সোমবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছিল। তখন ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও।
গত ২৪ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৈঠকের পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় সরকারে প্রতীক নিয়ে ইলেকশন করার সুযোগ থাকছে না। দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ আর থাকছে না। এতে প্রভাব বিস্তার হয় এই বিবেচনায় প্রতীক বাদ দেওয়া হয়েছে।

