বাংলাদেশ হাইকমিশনের সাথে লন্ডনে জুলাই আন্দোলনের ৫টি সংগঠনের বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫
হাইকমিশনের আমন্ত্রণে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. ওয়ারিসুল ইসলামের সাথে গত ৭ জুলাই সোমবার যুক্তরাজ্যে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী পাঁচটি মানবাধিকার সংগঠনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ এই বৈঠকে ইউকে-ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলোর জুলাই আন্দোলনে অবদান, হাইকমিশনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্ভূত বিভ্রান্তি ও বিতর্ক এবং ভবিষ্যতে হাইকমিশনের সাথে সমন্বিতভাবে কাজ করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সংগঠনগুলোর নেতারা অভিযোগ করেন, যারা জুলাই আন্দোলনে অংশ নেননি এমন কিছু ব্যক্তি এখন ফ্যাসিবাদের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও ‘জুলাই’ নামটি ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যস্ত। এ নিয়ে হাইকমিশনের কিছু কর্মকাণ্ডকেও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে হাইকমিশন প্রকৃত জুলাই আন্দোলনকর্মীদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ‘নিরাপদ বাংলাদেশ চাই, ইউকে’র সভাপতি মুসলিম খান, ‘অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সভাপতি মোঃ জয়নুল আবেদীন, ‘জাস্টিস ফর ভিক্টিমস, ইউকে’র সভাপতি মোঃ জহিরুল ইসলাম, ‘ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল’র সভাপতি মোঃ রায়হান উদ্দিন এবং ‘রাইটস অব দ্য পিপল’র সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাফি। এছাড়াও বোরহান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ লতিফ আহমেদ, ফয়েজ আহমেদ ও আবুল মনসুর খান বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, আগামী ৫ আগস্ট শহীদ আলতাব আলী পার্কে শহীদ দিবস উপলক্ষে একটি বৃহৎ গণজমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

