এক যুগ পর স্বদেশে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৫
দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা। আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার, তিনি লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। একই দিন দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর রয়েছে।
২২ জানুয়ারি, সকাল ১১টায়, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।
আবেদ রাজা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি তার ভালোবাসা অটুট রয়েছে। তবে তিনি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন, কারণ সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি।
তিনি বলেন, “স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমার পরিবারকে হারানোর বেদনাকে বহুগুণ বাড়িয়েছে। তবে দেশের জনগণের প্রতি আমার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার আমি দেশে ফিরে তাদের সাথেই সময় কাটাবো এবং তাদের পাশে থাকার চেষ্টা করবো।” দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন বলেও তিনি জানান।
আবেদ রাজা দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট সদর থানার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

