প্যাডেলচালিত রিকশাচালকদের ঢাকার বিভিন্ন রাস্তা অবরোধ, বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪
দেশ ডেস্ক:: রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন প্যাডেলচালিত রিকশা চালকেরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুইশ থেকে তিনশ রিকশাচালক তাদের রিকশা নিয়ে সেখানে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়
বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভরত রিকশাচালকরা জানান, ব্যাটারিচালিত রিকশার কারণে তাদের আয় কমে গেছে। এজন্য সড়কে এসে প্রতিবাদ করছেন তারা।
পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাসদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
চলতি বছরের ১৫ মে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরবর্তীতে এর প্রতিবাদে ১৯ মে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক রাজধানীর মিরপুর-১০ মোড় অবরোধ করেন। পরে ২০ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেন।

