লন্ডনে বিশিষ্ট সংগীতশিল্পী মনির খানকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৪
লন্ডনের রমফোর্ড রোডের আয়ানস গ্রীলে আয়োজিত একটি বিশেষ সংগীত সন্ধ্যায় বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মনির খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠান আয়োজন করেন আয়ানস গ্রীলের ডিরেক্টর আব্দুস শহীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ সালাম, তাসবিরুল চৌধুরী শিমুল এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ সালাম ও উপস্থাপিকা ফারজানা আহমেদ সবাইকে স্বাগত জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল। তিনি মনির খানের হাতে তার রেডিও অনুষ্ঠান সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ইংরেজী ম্যাগাজিন তুলে দেন এবং মনির খানের সংগীত জীবনের ভূমিকার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী বর্ষা, হাসি রানি, রাসেল আহমেদ, এডভোকেট মিজানুর রহমান, আরিফ আহমদ, ইকবাল হোসেন, আবদুল মোতালিব লিটন, মোস্তাক আহমেদ, শরীফ ইসলাম, লোকু মিয়া প্রমুখ।
মনির খান তার বক্তব্যে লন্ডনে পূর্বের অনুষ্ঠানের স্মৃতিচারণা করেন এবং তিনি তার প্রায় শত বছর বয়সী বাবা ও প্রায় ৯০ বছর বয়সী মাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্হভাবে জীবন দান করেছেন তার জন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করে বাবা ও মার উপর রচিত পরপর কয়েকটি গান পরিবেশন করেন। যন্ত্রসংগীতে অংশ নেন হাসান, রেজওয়ান এবং অন্যরা। অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের দিয়ে পূর্ণ ছিল এবং সবাই মনির খানের গানে মুগ্ধ হন।

