অ্যাসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস ইন দ্য ইউকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৩
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস ইন দ্য ইউকে (এবিএইউকে) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গেট টুগেদার গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে নাড়ির টানে কৃষিবিদরা ছুটে এসেছিলেন লন্ডনের হ্যানল্ট ফরেস্ট কান্ট্রি পার্কে। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে শিশু-কিশোর ও বড়দের জন্য ছিল নানা ধরনের খেলাধুলার আয়োজন। এতে ব্যস্ত সময় কেটেছে সবার।
র্যাফেল ড্র সহ অন্যান্য খেলায় জেতার আনন্দ এবং নিজেদের পরিচিতি ও ব্রহ্মপুত্র পাড়ের অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে সবাই যেন ফিরে গিয়েছিলেন তাদের ফেলে আসা স্মৃতি বিজড়িত সেই মধুর দিনগুলোতে। অনুষ্ঠানে বিভিন্ন পদের খাবারের পাশাপাশি ছিল সুস্বাদু ঝালমসলায় মাখানো বাংলার সুস্বাদু ছোলামুড়ি।
অনুষ্ঠানের শেষের দিকে কমিটির বার্ষিক সাধারণ সভা সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আনোয়ারুল হক। সভায় পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর হক সংগঠনের জন্ম ও বেড়ে ওঠার উপর আলোকপাত করেন ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কৃষিবিদদের গৌরবময় অতীতের স্মৃতিচারণ করেন। তিনি বিদেশের মাটিতে বাংলাদেশী কৃষিবিদদের এই সংগঠনের সাথে যুক্ত হয়ে একে অপরের সান্নিধ্যে আসার উপর জোর দেন।
অনুষ্ঠানে ড. আনোয়ারুল হককে সভাপতি, ড. মেহেদী হাসান রানাকে সাধারণ সম্পাদক ও রায়হান আখলাস তুষারকে কোষাধক্ষ্য করে ২১ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটিতে পদপ্রাপ্ত অন্যরা হলেন-সভাপতি ড. আনোয়ারুল হক, সহ সভাপতি আঞ্জুমান আরা বেগম ও শাহীনারা চৌধুরী লিডা, সাধারণ সম্পাদক ড. মেহেদী হাসান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মবিন, কোষাধ্যক্ষ রায়হান আখলাস তুষার, যুগ্ম কোষাধ্যক্ষ ড. ইমরান আহমেদ, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক একেএম জাবিরুল ইসলাম, যুগ্ম সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক তানজিদা ইয়াসমিন, সদস্য বিষয়ক সম্পাদক প্রদিপ সরকার, যুগ্ম সদস্য বিষয়ক সম্পাদক নাজমুল হায়দার সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দীপ রায়, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সন্তোষ চন্দ্র সরকার, ড. আজিজুর রাহমান, নুরুন নাহার রহমান রেহানা, ড. শাহিন আক্তার রেখা, আব্দুল হামিদ, মোফা ইসলাম, সুলতানা রাজিয়া ও হাসান বিশ্বাস।
এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য ডক্টর হক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত নতুন ও পুরনো সব সদস্যরাই এবিএইউকে এর প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে বক্তব্য দেন। পরিশেষে সংগঠনের নবনিযুক্ত সভাপতি ড. আনোয়ারুল হক নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

