সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব হায়দার খান নান্নার মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ রিয়া হায়দার খান নান্না হৃদরোগে আক্রান্ত হয়ে অকস্মাৎ মৃত্যুবরণ (ইন্নালিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। গত ০৮ আগস্ট মঙ্গলবার তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। ০৯ আগস্ট, বুধবার সন্ধ্যায় মেসিভ হার্ট অ্যাটাক হলে চিকিৎসার জন্য তাঁকে অ্যাম্বুলেন্সে করে দ্রæত স্থানীয় নিউহাম জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি রাত আনুমানিক ১০টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো মাত্র ৪৬ বছর।
গাজীপুরের কৃতি সন্তান মোহাম্মদ রিয়া হায়দার খান নান্না খুবই সজ্জন, বন্ধুবৎসল ও পরোপকারী মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। নয় ভাই-বোনের পরিবারের মধ্যে এক ভাই যুক্তরাস্ট্রে আর তিনি নিজে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। দীর্ঘদিন তিনি সিলেটে ছিলেন। সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাংলাদেশের ক্রীড়া অঙ্গণের সঙ্গেও তিনি নিবিড়ভাবে জড়িত ছিলেন। রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে তিনি ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগে খেলেছেন।
পরবর্তীতে বিলেতে এসেও তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বিলেতের অন্যতম প্রধান সাপ্তাহিক ‘সুরমা’র সঙ্গে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি সুরমা’র সাথে একনিষ্ঠভাবে জড়িত থেকে সাংবাদিক বন্ধুদের সার্বক্ষণিক সঙ্গ দিতেন ও সুরমা-কে সবরকমের সহযোগিতা করতেন।
শিল্প-সংস্কৃতি, ক্রীড়া ও মিডিয়া বিষয়ে নিবেদিতপ্রাণ মোহাম্মদ রিয়া হায়দার খান নান্নার সাথে বিলেতের সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়াঙ্গনের অনেকেরই বন্ধুত্ব ছিলো। তাঁর সাথে অনেকেরই অনেক আগে থেকেই পরিচয় ও সখ্যতা ছিলো। রিয়া হায়দার খান নান্নার এই অকাল মৃত্যর খবর শোনে তাঁরা শোকাভিভূত হয়ে পড়েছেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সদস্য সচিব কবি দিলু নাসের, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জাসাস যুক্তরাজ্যে’র সাবেক সভাপতি এমাদুর রহমান এমাদ ও দ্যা ইউনাইটেড বেঙ্গল মুভমেন্ট এর আহবায়ক হাসনাত আরিয়ান খানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-সাহিত্যিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া সুরমার ইংরেজি সেকশনের এডিটর সৈয়দ মামনুন মোর্শেদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
সুরমায় দোয়া মাহফিল :
মোহাম্মদ রিয়া হায়দার খান নান্নার অকাল মৃত্যুতে শোকাভিভূত সুরমা পরিবার গত ১১ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় মরহুমের স্বরণে ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সুরমা অফিসে তাৎক্ষণিকভাবে এক দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে মরহুমের বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্খীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তাঁরা মরহুমের সাথে তাদের স্মৃতিচারণ করেন ও মরহুমের বিভিন্ন গুণাবলী তুলে ধরেন।
সবশেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবাই দোয়া করেন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও আলেমে দ্বীন প্রফেসর আবদুল কাদির সালেহ মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, হাসপাতালের সকল আনুষ্ঠানিকতা ও লন্ডনে প্রথম জানাযা শেষে পরিবারের ইচ্ছানুযায়ী মরহুমের মরদেহ দেশে (গাজীপুরে) পাঠানো হবে। হাসপাতাল থেকে মরদেহ বুঝে পেলে জানাযার তারিখ সবাইকে জানিয়ে দেয়া হবে। সুরমা পরিবারের পক্ষ থেকে সম্পাদক শামসুল আলম লিটন হাসপাতাল থেকে মরহুমের মরদেহ গ্রহণ ও লন্ডনে জানাযা শেষে দেশে বসবাসরত পরিবারের কাছে হস্তান্তরের সকল দায়িত্ব গ্রহণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

