বিএনপি নেতা মিয়া মনিরুল আলমের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩
বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইউকে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর প্রাক্তন সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রেসিডেন্ট মিয়া মনিরুল আলমের দাফন সম্পন্ন হয়েছে।
গত ২৭ জুলাই বৃহস্পতিবার জানাজা শেষে তাকে মৌলভীবাজার জেলা সদরের একাটুনা গ্রামের মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, পৌরসভার মেয়র ফজলুর রহমান, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান,
গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক প্রেসিডেন্ট নুরুল ইসলাম মাহবুবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিয়া মনিরুল আলম গত ২৩ জুলাই রোববার বিকাল ৬ টায় লন্ডনের গাইস হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে নাতি নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার ইস্ট লন্ডন মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে একাটুনা গ্রামের কৃতি সন্তান মিয়া মনিরুলের মৃত্যুতে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর প্রমুখ গভীর শোক ও শোকাবহ পরিবারের সদস্যদের প্রতি গভীল সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

