বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল লতিফের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৩
পূর্ব লণ্ডনের ফরেস্ট গেইট এলাকার বাসিন্দা ধর্মপ্রাণ ব্যক্তিত্ব হাজী আব্দুল লতিফ ডাক্তার আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। গত ২৯ জুন বৃহস্পতিবার সকালে নিউহামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও ১৭ জন নাতি-নাতনী রেখে গেছেন।
হাজী আব্দুল লতিফ ছিলেন ফরেস্ট গেইট মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা, ইস্ট লণ্ডন মসজিদ ও দারুল উম্মাহ মসজিদের সাথে ভলান্টিয়ার হিসাবে সম্পৃক্ত ছিলেন। ১৯৫৮ সালে তিনি যুক্তরাজ্য আসেন। দেশে থাকাকালীন সময়ে হেলথ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করায় কমিউনিটিতে ডাক্তার হিসাবে সুপরিচিত ছিলেন। তিন দীর্ঘদিন টাওয়ার হ্যামলেটসের ফরডহাম স্ট্রীটে বসবাস করেছেন। মরহুমের দেশের বাড়ি ছিল-বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামে।
শুক্রবার বাদ জুমআ’ ইষ্ট লণ্ডন মসজিদে মরহুম আব্দুল লতিফের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিপুল সংখ্যক বাংলাদেশী কমিনিটির মানুষসহ অনেকই অংশগ্রহণ করেন । জানাজার শেষে ফরেস্ট গেইট কবর স্থানে সমাহিত করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে কমিউনিটির সবার কাছে দোয়া আহবান জানান হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

