টাওয়ার হ্যামলেটসে নেকেড বাইক রাইড বাতিল, কাউন্সিল ও জনগণ খুশি
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩
দেশ রিপোর্ট:: নেকেড বাইক রাইড বা ন্যাংটা সাইকেল রাইড বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাউন্সিলের আলোচনা ও লিগ্যাল চ্যালেঞ্জের কারণে ১০ ও ১৭ জুন টাওয়ার হ্যামলেটসের ভিক্টরিয়া পার্কে এই রাইড বাতিল করা হয়। এতে কাউন্সিলের পাশাপাশি সাধারণ মানুষ খুব খুশি হয়েছেন। নেকেড রাইডের প্রতিবাদে আয়োজন করা র্যালি কর্মসূচিও বাতিল করা হয়েছে।
জানা গেছে, বহু মানুষের বিরোধীতার পরও ৬ বছর ধরে নেকেড বাইক রাইড বা ন্যাংটা সাইকেল রাইড অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নেকেড বাইক রাইড আয়োজকরা ১০ ও ১৭ জুন টাওয়ার হ্যামলেটসের ভিক্টরিয়া পার্কে রাইডের আয়োজন করে। এতে টাওয়ার হ্যামলেটসের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
তাদের অভিযোগ, নেকেড বাইক রাইড পার্কের সুন্দর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিশুদের মনেও বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া পার্কে আগত পরিবারগুলোকেও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যার কারণে এমন আয়োজনের বিরুদ্ধে দিনে দিনে বিরোধীতাও বাড়ছিল। এ নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বিপুল সংখ্যক মানুষ অভিযোগ করে। অভিযোগ পেয়ে কাউন্সিল নেকেড বাইক রাইড আয়োজকদের সাথে বিষয়টি নিয়ে সমঝোতারও চেষ্টা চালায়। কিন্তু আয়োজকরা সমঝোতায় রাজি হয়নি। শেষমেষ কাউন্সিলের আলোচনা ও লিগ্যাল চ্যালেঞ্জের কারণে ১০ ও ১৭ জুনে টাওয়ার হ্যামলেটসের ভিক্টরিয়া পার্কে নেকেড রাইড বাতিল করা হয়।
এ বিষয়ে ডিপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার বলেন, আইনী চ্যালেঞ্জের পাশাপাশি সাধারণ মানুষ টাওয়ার হ্যামলেটসে নেকেড রাইক রাইডের বিরুদ্ধে যে প্রতিবাদ র্যালি আয়োজন করেছে, তার কারণেও চাপ তৈরী হয়। প্রতিবাদ র্যালির অন্যতম আয়োজক টাওয়ার হ্যামলেটস কমিউনিটি একশন এন্ড রেসিডেন্স এলায়েন্স-এর একটিভিস্টরা এখন এই প্রতিবাদ র্যালি বাতিল করেছেন। তারা খুবই সন্তুষ্ট। কাউন্সিল ও মেয়র এর জন্য চেষ্টা করেছেন।
তিনি জানান, এ নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিপুল সংখ্যক প্রতিবাদ বা অভিযোগ পেয়েছে। কাউন্সিল নেকেড বাইক রাইড আয়োজকের সাথে এ নিয়ে সমঝোতারও প্রয়াস চালায়। অন্তত টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন বর্ণের মানুষের চেতনার প্রতি সম্মান রেখে তারা যেনো অন্য রুটে চলাচল করবে। কিন্তু তারা প্রথমে কোনো সমঝোতায় রাজি হয়নি। এই প্রেক্ষিতে কাউন্সিল আইনীভাবে ইনজাংশনের চেষ্টা করে। বারার বাসিন্দাদের সম্মানে এই চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। কাউন্সিল সন্তুষ্ট-অন্তত ভিক্টোরিয়া পার্কে কোনো নেকেড রাইড হবে না।

