লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষা কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র লুৎফুর রহমান
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান গত ২১ মার্চ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি পরিদর্শন করেছেন।
এ সময় তিনি স্কুলের রিসেপশনে পৌঁছলে তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ আশিদ আলী ও শিক্ষার্থীরা। মেয়র লুৎফুর রহমান পুরো স্কুল ঘুরে দেখেন। এসময় তিনি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি নবনির্মিত খেলার মাঠ ঘুরে দেখেন এবং সেখানে একটি গাছও রোপন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন ‘এটি এই স্কুলের জন্য একটি গেম চেঞ্জার হবে ’। স্কুলটি ঘুরে দেখার পর ৪০জন শিক্ষার্থীর একটি দল ক্লাস-রুমে মেয়রের সামনে ‘এলইএ লাইফ’ শীর্ষক একটি বক্তব্য উপস্থাপন করে।

তারা লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অধ্যয়ন করার অভিজ্ঞতা সহ তাদেরকে স্কুলের দেওয়া যাবতীয় সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্কে কথা বলেন যারা এলইএ-তে অধ্যয়ন করেছিলেন এবং এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় যেমন-ক্যামব্রিজ, কুইন মেরি, কিংস ও ইম্পেরিয়াল কলেজে পড়াশোনা করছেন।
মেয়র লুৎফুর রহমান শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য-উদ্দেশ্য ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন। তিনি তাদের উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্য অর্জনের জন্য কঠোর অধ্যবসায়ের আহবান জানান।
মেয়র স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন। তিনি তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন । সংবাদ বিজ্ঞপ্তি

