চ্যানেল এস এর ‘আর্মি অব এঞ্জেলস’ ক্যাম্পেইন : যেভাবে দরিদ্র শিশুদের হয়ে লড়ছেন ৪ বছরের আদম আব্দুল্লাহ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩
দেশ ডেস্ক, ৫ এপ্রিল ২০২৩ :: বয়স মাত্র চার। ব্রিটিশ বাংলাদেশী শিশু আদম আব্দুল্লাহ। যে বয়সে খেলাধুলায় ব্যাস্ত থাকার কথা সেই বয়সে ব্যাতিক্রমী পদ্ধতিতে নেমেছেন অর্থ সংগ্রহে। ইয়েমেন, আফগান, বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া ও তুরস্কসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসহায় দরিদ্র শিশুদের হয়ে লড়ছেন চার বছর বয়সী এই আদম আব্দুল্লাহ।
তার ফান্ড রাইজিং মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসহায় ক্ষুধার্ত শিশুদের জন্য। গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে তার ফান্ডরাইজিংয়ে রয়েছে নতুনত্ব । আদম আব্দুল্লাহ প্রতিদিন ইফতারে খেজুর খেয়ে ভিডিও ধারণ করে দান করার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন পরিচিত বন্ধু বান্ধব ও ফ্যামেলি মেম্বারদের নামে। পরে সেই ছোট্ট ভিডিও ফেইসবুকে দ্যা ডেইট কিড নামে একটি পেইজে পোস্ট করছেন। এভাবে একে অন্যকে মনোনীত করার মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার অর্থ সংগ্রহের প্রচারণা।
চ্যানেল এস এর ‘আর্মি অব এঞ্জেলস’এর এই ছোট্ট সদস্য টার্গেট নিয়েছিলেন মাত্র ১০০০ পাউন্ড সংগ্রহের। সকলের সহায়তায় মাত্র ক’দিনেই তা পূরণ হলেও ফান্ড রাইজিং চলবে পুরো রামাদ্বান মাস জুড়ে।
আদমের মা নাহিদা চৌধুরী জানান, সম্প্রতি সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের পর একদিন সে স্কুল থেকে ফিরে জানতে চায় ভুমিকম্প কী? আর কেনই এতো মানুষের মৃত্যুযজ্ঞ? হাজার হাজার মানুষের করুণ মৃত্যু আর ছোট্ট ক্ষুধার্ত শিশুদের অসহায়ত্ব আদমকে ভাবিয়ে তুলে। সেই থেকেই আদমের অনুপ্রেরণা।
আদমের বাবা আব্দুল্লাহ ইমন জানান, সংগৃহীত এই অর্থ মূলত চ্যানেল এস এর রামাদ্বান ফ্যামেলি কমিটমেন্ট অর্থাৎ আরএফসি র জন্য। কমিউনিটির সকলের সহায়তা পেলে বড় অংকের ফান্ড রাইজিং হবে এমনটাই প্রত্যাশা তার।

