বয়স্ক মুসল্লিদের সেফটি অ্যালার্ম দিল ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩
সাম্প্রতিক সময়ে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার সময় লন্ডন ও বার্মিংহামেনর পৃথক তিনটি এলাকায় বয়স্ক মুসল্লিদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এতে মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বয়স্ক মুসল্লিদের আতঙ্ক দূর করতে ব্রিটেন ভিত্তিক মানবিক সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন মসজিদে বয়স্ক মুসল্লিদের হাতে সেফটি অ্যালার্ম বিতরণ করছে।
এরই ধারাবাহিকতায় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে বয়স্ক, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে গত ০২ এপ্রিল রোববার তারাবির নামাজের পর এই অ্যালার্ম বিতরণ করা হয়।
এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বয়স্ক মুসল্লিরা। তারা বলেন, এটি খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। রাতে ফেরার সময় এই অ্যালার্ম তাদের কাজে লাগবে।
সেফটি অ্যালার্ম বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সেলিম আহমেদ, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম শিমু, রুয়েল মিয়া, সুহেদ আহমেদ প্রমুখ।
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, নামাজ শেষে ফেরার পথে বয়স্ক মুসল্লিদের উপর পর পর তিনবার হামলার ঘটনা ঘটেছে। যা খুবই ন্যাক্কারজনক। বয়স্কদের মধ্যে আতঙ্ক দূর করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই প্যানিক অ্যালার্মটি ব্রিটিশ পুলিশের অনুমোদিত। এতে চাবির রিং আছে। আবার এলইডি লাইট আছে। এছাড়া সেইফটি পিন টান দিলেই বিকট শব্দে অ্যালার্ম বাজতে থাকবে। এই বিকট শব্দ শুনে অপরাধী ভয় পাবে। একই সাথে আশেপাশের মানুষ বুঝতে পারবে কেউ বিপদে পড়েছে। এমনকি পেট্রল পুলিশ যদি আশেপাশের রোডে থাকে তাহলে পুলিশ সাথে সাথে রেসপন্স করবে। সংবাদ বিজ্ঞপ্তি

