আইডিসি মসজিদের সংবাদ সম্মেলন: জরুরী ভিত্তিতে প্রয়োজন ৩শ’ হাজার পাউন্ড, ২ এপ্রিল ফান্ডরেইজিং আপীল
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩
ওয়েস্ট লন্ডনে অবস্থিত আইজলওয়ার্থ দ্বীন সেন্টার (আইডিসি) মসজিদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মার্চ সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনে লন্ডন বাংলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লন্ডনের বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সরব উপস্থিতিতে জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে আইডিসি ট্রাস্টি ও ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তাসহ হাউন্সলো ও রিচমন্ড বারা এলাকার মুরুব্বীরাও অংশগ্রহণ করেন। এতে আইডিসি প্রজেক্টের বর্তমান অবস্থা এবং সংস্কার কাজের অগ্রগতি তুলে ধরে পুরো প্রকল্পটি সম্পন্ন করতে আরো ১ মিলিয়ন পাউন্ড ও জরুরী ভিত্তিতে ৩শ’ হাজার পাউন্ড সংগ্রহে সহায়তা করতে কমিউনিটির প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সাংবাদিক আকবর হোসেনের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আইডিসি চেয়ারম্যান মাসুদুর রহমান, ইমাম ও ট্রাস্টি শাইখ আবু সাঈদ আনসারী, ট্রাস্টি মইনুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান খান, আবুল লেইস, আব্দুল মনাফ, নুরুল হক, সলিসিটর খালিদ রহমান ও ট্রাস্টি আব্দুর রউফ মলিক প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে প্রায় ১ মিলিয়ন পাউন্ড দামে একটি কমিউনিটি সেন্টার উইথ প্রেয়ার ফেসিলিটিজ প্রতিষ্ঠার লক্ষ্যে আইজলওয়ার্থ এ দ্যা জর্জ পাব ক্রয় করা হয়। এরপর দীর্ঘ তিন বছর নানা চেষ্টা তদবিরের পর ২০১৯ সালে হাউন্সলো কাউন্সিল এই সেন্টারকে প্লানিং পারমিশন দেয়। গেলো বছর এর মেরামত ও সংস্কার কাজ শুরু হয়েছে। কাজ স¤পন্নের পর সেন্টারটি চালু করা সম্ভব হবে এবং ৫ ওয়াক্ত নামাজ ও অন্যান্য কার্যক্রম শুরু হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আইজলওয়ার্থ দ্বীন সেন্টার ওয়েস্ট লন্ডনের হাউন্সলো বারায় অবস্থিত একটি মসজিদ ও কমিউনিটি সেন্টার। ২০১০ সালে এই সেন্টারের যাত্রা শুরু হয়। উক্ত বারার আইজলওয়ার্থ, রিচমন্ড, টুইকেনহাম, উইটন, হ্যানওয়ার্থ ও ব্রেন্টফোর্ড এলাকায় কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার নেই। দীর্ঘদিন ধরে অত্র এলাকায় বসবাসরত মুসলমানরা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন সংগঠনের মাধ্যমে একটি মসজিদ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় আইডিসি’র জন্ম হয়। অত্র এলাকার মুরুব্বীরা সব সময়েই একটি মসজিদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তাদের অনুপ্রেরণায় এবং কিছু উদ্যমী তরুণদের নিরলস প্রচেষ্ঠার মাধ্যমে আইডিসি আইজেলওয়ার্থ এলাকায় মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার প্রকল্প হাতে নিয়ে নিয়েছে।

এতোদিন ধরে আইডিসি ‘আইজলওয়ার্থ পাবলিক হল’ (আইপিএইচ) ভাড়া করে নিয়মিত জুমুআর নামাজ, তারাবীহ, মুসলিম ছেলে-মেয়েদের জন্য দ্বীনি শিক্ষার জন্য সেটারডে স্কুল-আল ফাতিহাসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিনিয়তই জুমুআর নামাজে মুসুল্লী ও স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। কিন্তু একটি নিজস্ব স্থায়ী জায়গা না থাকলে পাঁচ ওয়াক্ত নামাজসহ অন্যান্য কার্যক্রম বিশেষ করে বাচ্চাদের দ্বীনি শিক্ষা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুলও বটে। তাই সংগঠনের ট্রাষ্টি ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা স্থায়ী ঠিকানা খুঁজতে থাকেন এবং এক পর্যায়ে আইজলওয়ার্থে এই প্রোপার্টি কেনার সুযোগ আসে।
আসন্ন পবিত্র রামাদ্বানকে সামনে রেখে আমরা ফান্ড রেইজিংয়ের জন্য নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। ফান্ড রেইজিং ইফতার গেদারিং এর আয়োজন করা হয়েছে। ছোট্ট ছেলেমেয়েরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। তারাও বড়দের পাশাপাশি মসজিদের জন্য জাস্ট গিভিং পেইজ খুলে ফান্ড সংগ্রহে প্রতিযোগিতায় নেমেছে। সবার কাছ থেকে খুবই ইতিবাচক ও আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে।
আইজেলওয়ার্থ পাবলিক হলে জুমুআ, তারাবীহ ও আল ফাতিহা সেটারডে ইসলামিক স্কুল, আলোচনা, সেমিনার, পেরেন্টিং সেশন, ছেলেমেয়েদের জন্য অনুষ্ঠান, ফেইথ গ্রুপের সাথে যৌথ অনুষ্ঠান, ফুড ব্যাংকসহ নানাবিধ কার্যক্রম চালু রয়েছে।
সেন্টারটি চালু হলে এখানে ৫ ওয়াক্ত নামাজ, ছেলে-মেয়েদের ইসলামী শিক্ষা, বিভিন্ন শিক্ষামূলক ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, ট্রেনিং ও দক্ষতাবৃদ্ধি কর্মসূচী থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে নানা সেবামূলক কার্যক্রম, সবার জন্য অপেন ডে, এক্সিভিশন সর্বোপরি আগামী প্রজন্মের জন্য তাদের বিশ্বাসের লালন, চারিত্রিক মাধুর্য এর বিকাশ ও সুনাগরিক তথা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবার সুবিধাসহ একটি অত্যাধুনিক সেন্টারের প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সবশেষে আইডিসির পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয়।

