রমজান মাসে ইসরায়েলি খেজুর বয়কটের আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩
রমজানে মাসে ইউরোপ জুড়ে ইসরায়েলি খেজুর বয়কটের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন আল-আকসা’র ইউকে প্রবাসী বন্ধু শামিউল জোয়ারদার।
তিনি বলেন, এই রমজানে ইসরায়েলি খেজুর না কেনার মাধ্যমে মুসলিম সম্প্রদায় ফিলিস্তিন ইসরায়েলের অবৈধ দখলদারি এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে ধিক্কার জানানোর একটি স্পষ্ট এবং শক্তিশালী বার্তা পাঠাতে পারে। ইসরায়েল হল বিশ্বের বৃহত্তম মেদজুল খেজুর উৎপাদনকারী দেশ, এখানকার ৫০% খেজুর ইউরোপে রপ্তানি করা হয়। এই সমস্ত খেজুর ইউরোপ জুড়ে বড় বড় সুপেরমার্কেটে এবং সেই সঙ্গে স্থানীয় দোকানগুলিতে বিক্রি করা হয়।
তিনি বলেন, এবারের রমজানে বিডিএস এর প্রতি আমাদের প্রতিশ্রুতি পুর্নবিবেচনার সময় এসেছে। আমাদেরকে মনে রাখতে হবে কমিউনিটি হিসেবে আমরা শক্তিশালী, ইসরায়েলি খেজুর বয়কটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে জোরালো করে তুলতে পারি। আমাদের যা করতে হবে তা হল খেজুর কিনার সময় লেবেল যাচাই করে বর্ণবৈষম্যবাদী ইসরায়েলি খেজুর কিনা বন্ধ করতে হবে।
আগামী ১৭ মার্চ রমজানের আগে ইউকের মসজিদগুলোতে খেজুর বয়কটে লেবেল যাচাই করা নিয়ে একটি কর্ম দিবস পালন করতে শামিউল জোয়ারদার মুসলিমদের প্রতি আহ্বান করেছেন। পবিত্র মাসের আগে শেষ সপ্তাহে একটি অনলাইন সচেতনতামূলক অভিযানও করা হবে।
উল্লেখ্য, শুধুমাত্র ২০২৩ সালে ইসরায়েল ৬২ জন ফিলিস্তিনি হত্যা করেছে। এর মধ্যে ১৩ জন শিশু অর্থাৎ প্রতি পাঁচ দিনে একটি করে শিশু হত্যা করেছে। ইসরায়েলি সরকার উদ্বেগজনক হারে ঘরবাড়ি ভেঙে ফেলছে এবং নজিরবিহীন ভাবে অবৈধ বসতি স্থাপন করে চলেছে। বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে, ইসরায়েল বর্ণবৈষম্যের অপরাধ করে চলেছে, কিন্তু ইউরোপীয় রাষ্ট্রগুলি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং আন্তর্জাতিক আইনকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

