নর্থাম্পটনে সংস্কৃতি প্রেমীদের মিলন মেলা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৩
এহসানুল ইসলাম চৌধুরী শামীম:: জমজমাট আয়োজনের মধ্য দিয়ে নর্থা¤পটনে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ০৫ মার্চ রোববার রাতে স্থানীয় দি রাজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যেন সংস্কৃতি প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
দীর্ঘদিন পর একে অপরকে দেখে ও এক সাথে মিলিত হতে পেরে সবাই আনন্দে মেতে ওঠেন। কমিউনিটি এক্টিভিস্ট আকতার হোসেন, রেজওয়ানুর রহমান চৌধুরী রাজু ও সেলিম উক্ত অনুষ্ঠান আয়োজন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। তিনি বলেন, খুব ভালো লাগছে সবার সাথে দেখা হওয়ায়। আমি সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার শাহ আব্দুল করিমকে খুব পছন্দ করি। তার রচিত গান আমাকে মুগ্ধ করে। তিনি একজন উচু মানের সঙ্গীতশিল্পী ছিলেন। যারা এ ধরনের অনুষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শতাব্দী রায়, রুজি সরকার, বাউল ইকরাম উদ্দিন ও জি ডি পাপ্পুসহ আর অনেকেই।
সঙ্গীত শিল্পী শতাব্দী রায় বলেন, আপনাদেরকে ভালো গান উপহার দিতে পেরেছি। আমরা খুব এনজয় করেছি। আপনারাও করেছেন। খুব ভালো লাগছে। উচ্ছ্বাসে-আনন্দে উল্লসিত ছিলো সবাই।
অনুষ্ঠানের আয়োজক কমিউনিটি এক্টিভিস্ট রেজওয়ানুর রহমান চৌধুরী রাজু বলেন, সবাইকে নিয়ে এ ধরনের অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগছে। অনেক দিন পর আমরা সবাই এক সাথে মিলিত হলাম। একে অন্যের সাথে দেখা হলো। গান বাজনা দেখলাম, আর এক সাথে খাওয়া দাওয়া করলাম। খুব খুব ভালো লাগছে। তিনি বলেন, আগামীতে আমাদের আরো বড় আকারের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

