শাহবাজপুরের প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব ময়না মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩
দেশ ডেস্ক, ২৬ জানুয়ারি ২০২৩:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান ময়া মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত ২০ জানুয়ারি শুক্রবার বিকেল ২টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ এশা নিজ গ্রাম মুগরিয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। জানাজায় এলাকার বিশিষ্টজনসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমের বড় ছেলে আকবর হোসেন ও চতুর্থ ছেলে শফির আহমদ শাহবাজপুর বাজারে পিতার প্রতিষ্ঠিত ব্যবসা পরিচালনা করেন। দ্বিতীয় ছেলে নুরুল ইসলাম স্থানীয় শাহবাজপুর হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক। তৃতীয় ছেলে মোঃ কামরুল ইসলাম ফ্রান্সে ও পঞ্চম ছেলে মোহাম্মদ সালাহ উদ্দিন সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন। ছোট ছেলে মোহাম্মদ মিছবাউল হক বড়লেখা আল-আরাফা ব্যাংকে চাকরি করেন।
সত্তর ও আশির দশকে মরহুম আব্দুল মান্নান ময়া মিয়া বৃহত্তর শাহবাজপুর এলাকায় একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন। শাহবাজপুর বাজারে ‘ময়না মিয়ার দোকান’ সর্বাধিক পরিচিত ছিলো। সারা সপ্তাহই ব্যবসা প্রতিষ্ঠান কাস্টমারদের উপস্থিতিতে জমজমাট থাকতো। বিশেষ করে, বাজারবার অর্থাৎ বুধবার ও রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের উপড়েপড়া ভীড় থাকতো। সৎ ব্যবসায়ী হিসেবে এলাকায় সুনাম ছিলো।
তখনকার সময়ে এলাকার মানুষের মধ্যে ব্যাংক একাউন্ট খোলার তেমন আগ্রহ ছিলোনা। এলাকার মানুষ নিজেদের সঞ্চয়ের টাকা ‘ময়না মিয়া’র দোকানে জমা রাখতেন। তিনি খুবই আমানতদারির সাথে টাকা জমা রাখতেন এবং যখন যার প্রয়োজন ফিরিয়ে দিতেন। মরহুম আলহাজ্ব ময়না মিয়ার পঞ্চমপুত্র যুক্তরাজ্য প্রবাসী মোঃ সালাহ উদ্দিন তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে পৃথক পৃথক শোকবার্তায় আলহাজ্ব ময়না মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুল বাসিত, উত্তর শাহবাজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান লন্ডনপ্রবাসী আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুরের অধিবাসী লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সারপার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষে মোহাম্মদ ফারুক উদ্দিন তাপাদার ও ব্যাংক এশিয়া এক্সচেঞ্জ ইউকের ম্যানেজার অপারেশন্স মোহাম্মদ রহিম উদ্দিন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

