শেফিল্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
যুক্তরাজ্যে বাংলাদেশের ৫১তম বিজয় দিবস পালন করেছে শেফিল্ড আওয়ামী লীগ। এ উপলক্ষে গত ১৮ ডিসেম্বর রোববার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেফিল্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম মোহিদ আলী মিঠুর সভাপতিত্বে ও যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শেফিল্ড আওয়ামী লীগ নেতা আবাবুর রহমান মিরন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শেফিল্ডের লর্ড মেয়র কাউন্সিলর সাইনড-মায়ার রিচার্ডস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন ও নেট জিরো বিষয়ক ছায়ামন্ত্রী অলিভিয়া ব্লেক এমপি, শেফিল্ড সিটি কাউন্সিল লিডার কাউন্সিলর টেরি ফক্স, শেফিল্ডের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর ডেনিস ফক্স, কাউন্সিলর মেরি লিয়া।
সভাপতির বক্তেব্যে এম মোহিদ আলী মিঠু বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিন্ন করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিলেন। এ বিজয় বাঙালির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন। তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন একে আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করার কারণে তিনি সেসব স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণের পথে বাংলাদেশ গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি সাধন করেছে। আমরা মধ্যম আয়ের, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয়েছি।
সভায় আরো বক্তব্য রাখেন শেফিল্ড আওয়ামীলীগ নেতা মতিউর রহমান শাহিন, সুফিয়ান আহমদ চৌধুরী, হাজী মোঃ মোবারক আলী, আব্দুল মতিন, আলাউর রহমান উজ্জ্বলসহ শেফিল্ড আওয়ামীলীগের অন্যান নেতৃবৃন্দ। সভা শেষে সংগীত পরিবেশন করেন নীলা পাল ও সাফা বেগম। সংবাদ বিজ্ঞপ্তি

