জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২
আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। ইউকে ভিত্তিক সংগঠন সেইভ বাংলাদেশের আয়োজনে গত ১৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর প্রবাসী বাংলাদেশীরা ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন আলতাব আলী পার্কে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন। মানবাধিকার কর্মী মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় মোঃ মহিউদ্দিন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অথিথি ছিলেন আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার একটি বিশেষ হীন উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কলঙ্কিত করার জন্য জঙ্গী কার্যক্রমে সম্পৃক্ততার জঘন্যতম অভিযোগ এনেছে। কিন্তু আশার বিষয় হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনা ও আওয়ামীলীগকে বিশ্বাস করে না। আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি বর্তমান সরকারের জামায়াতের বিরুদ্ধে আনা এহেন ঘৃন্য অভিযোগকে প্রত্যাখ্যান করেছে।
অলিউল্লাহ নোমান বলেন, বর্তমান সরকারের ক্ষমতায় থাকার কৌশল হচ্ছে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা। তিনি আরও বলেন, আমি আশা করি বাংলাদেশের মানুষ সরকারের এহেন আচরন সহ্য করবে না। জনগণ অচিরেই তীব্র গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরসহ সকল বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে মুক্ত করবে ও আধিপত্ববাদের অবসান ঘটাবে।
মোঃ তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার যে অন্যায় করেছে আমরা ঐতিহাসিক আলতাব আলী পার্ক থেকে সেইভ বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে ডাঃ শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মুনিম বলেন, ডাঃ শফিকুর রহমান এবং আলামা দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে।

মোঃ মাহিন খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল। জামায়াতের সাথে জঙ্গী কার্যক্রমের বিন্দুমাত্র স¤পৃক্ততা নেই এবং তারা এই কার্যক্রমে বিশ্বাসীও নয়।
সভপতির বক্তব্যে সিরাজুল ইসলাম শাহীন বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় সকল জায়গায় জামায়াত ইসলামী আছে এবং থাকবে। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন, জামায়াত আমীরকে আটক করে যুগপথ আন্দোলন বন্ধ করা যাবে না, অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিন।
প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান আইনজীবী মোঃ ডলার বিশ্বাস, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, কমিউনিটি নেতা মাওলানা শামীমুল হক, মো আশরাফুল ইসলাম ফেরদৌস, কমিউনিটি নেতা শাহরিয়ার আলম সিফার, বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিষ্ট ও মানবাধিকার কর্মী মোঃ আব্দুর রহমান (খোকা), আমিনুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ শামিম, বাংলাদেশ সলিডারিটি সমিতির সভাপতি মাওলানা রেজাউল হোক, মোহাম্মদ মাজহারুল ইসলাম ভুঁইয়া, সাংবাদিক মাহবুব আলি খানসুর, সাংবাদিক আব্দুল বাকী, কমিউনিটি নেতা নুর বক্স, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, প্রফেসর মোজাম্মেল হোসেন, মানবাধিকার কর্মী আহমদ আলী, শাহান বিন নিজাম, কমিউনিটি নেতা আনিসুল হক, মো: আমিনুল ইসলাম সফর, মোহাম্মদ আলী, মানবাধিকার কর্মী মুহাম্মাদ তারেকুল ইসলাম, মো: হাদিছুর রহমান খান, কমিউনিটি নেতা আনিসুল হক, মোঃ মিফতা উদ্দীন, আরিফ আহমদ, রায়হান আহমদ, আলিম উদদীন প্রমুখ।

