যুক্তরাজ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২২
বাংলাদেশ কল্যাণ পার্টির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে করে যুক্তরাজ্য কল্যাণ পার্টি। গত ১২ ডিসেম্বর সোমবার দুপুরে বার্মিংহাম সিটির স্মলহিথ রোডে অবস্থিত ফুলকলি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ কল্যাণ পার্টি-ইউকের সভাপতি নজরুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ ফরহাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পার্টির চেয়ারম্যান রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক। সভায় পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, যে লক্ষ্য নিয়ে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম, সে লক্ষ্য এখনো অর্জিত হয়নি। ভোট ও ভাতের অধিকারের জন্য এখনো যুদ্ধ করে যাচ্ছি। সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গেলে কাক্সিক্ষত মুক্তি আসবেই। সুতরাং আমাদের ঐক্য ও লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মামুন বলেন, আমাদের দেশের প্রধান সমস্যা ব্যবস্থাপনা আর রাজনীতি। বর্তমানে আমলারাই সবকিছুর নিয়ন্ত্রক। রাজনীতিবিদদের হাতে রাজনীতির পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। একটা যুগোপযোগী পরিবর্তন ও টেকসই উন্নয়নের লক্ষ্যেই সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সাইয়েদ জামশেদ আলী, বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ স¤পাদক আবদুল কাদির আবুল, বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি এনামুল হক সাবির, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কামরুজ্জামান চুন্নু, জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসের ইউরোপ সমন্বয়ক ফয়সাল আহমেদ, বার্মিংহাম বিএনপির দপ্তর সম্পাদক সরওয়ার আহমদ, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমদ চৌধুরী, বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ, বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসির, এটিএন বাংলা ইউকের বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম, মৌলভীবাজার যুবকল্যাণ কাউন্সিল ইউকের সাইয়েদ মুজিবুর রহমান ও সিনিয়র একাউন্টেন্ড নওশাদসহ অনেকেই উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

