যুক্তরাজ্য খেলাফত মজলিসের সম্পাদকের সঙ্গে ফ্রান্স শাখার নেতৃবৃন্দদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ স¤পাদক মুফতি ছালেহ আহমদের সঙ্গে ফ্রান্সে খেলাফত মজলিস নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর সোমবার অবার ভিলা মসজিদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি অবার ভিলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী জুবায়ের আহমদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ফ্রান্স শাখার সহসভাপতি আখতারুজ্জামান, সহসাধারণ সম্পাদক হাফিজ কামিল, এমসি ইন্সটিটিউট প্যারিসের কাজী গোলাম কিবরিয়া, ফ্রান্স শাখার বায়তুল মাল সম্পাদক ক্বারী জুনেদ আহমদ ও সালেহ আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় মুফতি ছালেহ আহমদ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাস জীবনে খেলাফতের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে পরিকল্পিতভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা একটি ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের জন্য সেই কাজ পরিচালনা করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে অন্যায় ভাবে আলেম উলামাদের গ্রেপ্তার করে জেলে বন্দী করে রাখা হয়েছে। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকসহ গ্রেফতারকৃত সকল আলেম উলামাদের দ্রুত মুক্তি দিতে হবে। পরে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

