টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১.১ মিলিয়ন পাউন্ডের অনুদান প্রকল্প চালু
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২
টাওয়ার হ্যামলেটস বারার স্বল্প আয়ের পরিবারের ছেলে-মেয়েরা যাতে সেকেন্ডারি স্কুল পর্যায়ের পরও লেখাপড়া চালিয়ে যায়, অর্থাৎ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য এডুকেশন মেইনটেন্যান্স অ্যাওয়ার্ড বা ইএমএ এবং ইউনিভার্সিটি বার্সারি অ্যাওয়ার্ড নামের দু’টি আলোচিত স্কিমের আওতায় আর্থিক অনুদান প্রদানে প্রতি বছর ১ দশমিক ১ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে কাউন্সিল। বারার নির্বাহী মেয়রের এই উদ্যোগের ফলে প্রথম বছরে ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এক যুগ আগে ২০১০ সালে বাজেট কর্তনের অংশ হিসেবে সরকার এডুকেশন মেইনটেন্যান্স এ্যালাউন্স বা ইএমএ স্কীমটি বাতিল করে দিলে, ঐ সময়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান গোটা ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম স্বল্প আয়ের পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ায় সহযোগিতা করতে এই স্কীমটি চালু করেছিলেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হচ্ছে গোটা ইংল্যান্ডের মধ্যে একমাত্র স্থানীয় কর্তৃপক্ষ যারা উচ্চ শিক্ষায় আগ্রহী বারার তরুণদের আর্থিক সহায়তা দিয়ে লেখাপড়ায় উৎসাহিত করতে এই তহবিল গঠন করেছে।
গত সপ্তাহে অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মিটিংয়ে ১৬-পরবর্তী শিক্ষা অর্থাৎ সেকেন্ডারি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করতে আর্থিক সহায়তা প্রদানের জন্য এই দুটি নতুন প্রকল্প অনুমোদন লাভ করে।
এই তহবিল গুলি মেয়র লুৎফুর রহমানের প্রতিশ্রæতির একটি অংশ যা তরুণদের আরও বেশি সুযোগ পেতে সহায়তা করবে। বর্তমানে পারিবারিক বাজেটের উপর চাপ সৃষ্টিকারী জীবনযাত্রার ব্যয়-বৃদ্ধির সংকটের সময়ে এই আর্থিক সহায়তার গুরুত্ব অনেক বেশি।
মেয়রের শিক্ষা চালু রাখার ভাতা (ইএমএ বা এডুকেশন মেইনটেন্যান্স এলাউন্স) হল ২০২২/২৩ শিক্ষাবর্ষের জন্য যোগ্য শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় সহায়তা করতে এককালীন ৪০০ পাউন্ড আর্থিক সহায়তা প্রদান। ইএমএ-এর প্রথম বছরের জন্য ৫ লাখ পাউন্ডের একটি তহবিল প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা দিয়ে বারার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেয়া হবে।
মেয়র এর ইউনিভার্সিটি বার্সারি অ্যাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বসবাসের খরচ মেটাতে শিক্ষার্থীদের সাহায্য করবে। এই বার্সারি বা অনুদান লাভের যোগ্য শিক্ষার্থীরা আবাসন, বই এবং শিক্ষা বা অন্য উপকরণ সহ তাদের সøাতক অধ্যয়নের সাথে যুক্ত খরচের জন্য ১৫০০ পাউন্ডের অনুদান চেয়ে আবেদন করতে পারে। ৬ লাখ পাউন্ডের এই তহবিল প্রথম বছরে ৪০০ শিক্ষার্থীকে সহায়তা করবে। উভয় স্কিমের জন্য অর্থ প্রদান সরাসরি তরুণদের কাছে দেয়া হবে এবং এই অর্থ সহায়তা পেতে কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, আমি শিক্ষা চালু রাখার ভাতা (ই এম এ) এবং ইউনিভার্সিটি বার্সারি অ্যাওয়ার্ড স্কিম ঘোষণা করতে পেরে আনন্দিত। এই দুটি স্কীম তরুণদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আর্থিক চ্যালেঞ্জগুলি কমাতে সাহায্য করবে। তিনি বলেন, এই আর্থিক সহায়তা জীবনযাত্রার ব্যয়-সংকটের মধ্যেও তরুণদের পড়াশোনা চালিয়ে যেতে আত্মবিশ্বাস এবং উৎসাহ দিতে সহায়তা করবে।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান আরও বলেন, শিক্ষা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং লাইফলং লার্নিং বা জীবনব্যাপি শিক্ষায় সহযোগিতা করা আমার প্রশাসনের অন্যতম একটি অগ্রাধিকার। তরুণদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য সহযোগিতা করা এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নেতা হওয়ার উপযোগী টুলস বা হাতিয়ার ও সুযোগ করে দেওয়া খুবই অত্যাবশকীয়।
ডেপুটি মেয়র এবং এডুকেশন এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর মাইয়ূম তালুকদার বলেছেন, আর্থিক পরিস্থিতি নির্বিশেষে প্রত্যেক তরুণের চমৎকার শিক্ষা লাভের সুযোগ পাওয়ার দাবিদার। এই মুহূর্তে যখন আমাদের অনেক পরিবার আর্থিক পরিস্থিতির সাথে সংগ্রাম করছে, তখন এই দুটি প্রকল্পের ঘোষণার মধ্য দিয়ে বারার তরুণদের সহযোগিতা করার জন্য টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের প্রতিশ্রæতিরই প্রতিফলন ঘটলো।
উভয় স্কিমের জন্য প্রথম রাউন্ডের আবেদন গ্রহণ ১ নভেম্বর ২০২২ থেকে শুরু হয়ে ১ জানুয়ারী ২০২৩ পর্যন্ত চলবে। আবেদনগুলি ইএমএ এবং ইউনিভার্সিটি বার্সারি স্কিমস ওয়েব পেজে সাবমিট করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

