লন্ডনে চট্টগ্রামবাসীর মেজবান উৎসব
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২২
ফজলুল হক, লন্ডন:: আনন্দঘন আয়োজনে লন্ডনে এবারও অনুষ্ঠিত হলো মেজবান। লন্ডনে গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের চতুর্থবারের মতো এই মেজবান’র আয়োজন করে। পূর্ব লন্ডনের মেফেয়ারের বিশাল হলে অনুষ্ঠিত এবারের মেজবানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে প্রায় ৪ হাজার মানুষ অংশ নেন।
গত ০৯ অক্টোবর রোববার স্থানীয় সময় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে ভোজ উৎসব ও সাংস্কৃতিক আয়োজন। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মঞ্চের অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইসহাক চৌধুরী। আয়োজনের বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ কায়সার।
এবারের আয়োজনে মঞ্চে বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড। সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে লাইফ টাইম এচিভম্যান্ট অ্যাওয়ার্ড প্রদান সহ মোট ৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, ২০১৩ সালে তাঁর নেতৃত্বে গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। ২০১৪ সালে তারা প্রথম মেজবানের আয়োজন করেন। আর এটি মেজবানের চতুর্থ আয়োজন। তিনি বলেন, মেজবান চট্টগ্রামবাসীর শত বছরের ঐতিহ্য। এটিকে ধরে রাখাতে চান তাঁরা।
মঞ্চে নানা পর্বের সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, লুনা তানজিলা, নূরুন্নবী আলী, মাসুদুর রহমান, ওসমান ফয়সাল, এন এ চৌধুরী টিংকু, মোস্তফা সাঈদ ও শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিমুল হক, মীর রাশেদ আহমেদ, আরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পী, আবু নাসের, আলী রেজা, শওকত মাহমুদ টিপু, চৌধুরী জিন্নাত আলী, আক্তারুল আলম, হাসান আনোয়ার, সাজ্জাদুল ইসলাম, মোবারক হোসেন টিট ও হেফাজুল করিম রাকিব প্রমুখ। দিনব্যাপী এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন বিলেতের জনপ্রিয় শিল্পীরা।
তাদের মধ্যে ছিলেন সৌমেন অধিকারী, লাবনী বড়–য়া, রুবা হোসেন, সাইদা তানি, অমিত দে, লন্ডনের জেমস খ্যাত রাজ হাসান, তাহমিনা শিফু, আখতারুল আলম, ডাঃ রুবেল সাজিদ, শ্রেয়সী দাস, ব্যান্ড প্যান্টাটোনিক ও নাচের দল তাল তরঙ্গ। সবশেষে শেষে ছিলো আকর্ষণীয় রাফল ড্র।

