সিলেটের গোলাপগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে দা ও কোদাল দিয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে এক ছেলে। শুক্রবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এসময় ছেলের দায়ের কুপে তার মা মিনারা বেগম মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামপুর গ্রামের আবদুল করিম খান (৬০) এর ছেলে রাহেল আহমদ (৩৫) বাড়ির সামনের গাছ কাটতে গেলে তার বাবা করিম খান ও মা মিনারা বেগম (৪৫) বাধা দেন।
এ সময় তাদের সাথে ছেলের বাকবিতণ্ডার এক পর্যায়ে রাহেল আহমদ উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল ও দা দিয়ে বাবা ও মায়ের উপর হামলা করে। স্থানীয়রা তাদের চিৎকার শোনে এগিয়ে আসলে ছেলে রাহেল আহমদ পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই করিম খান মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক স্থানীয়রা মিনারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘাতক রাহেলকে আটকের চেষ্টা চলছে।

