বিয়ানীবাজারে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের বিয়ানীবাজারে নজরুল ইসলাম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দিরফল এলাকায় একটি তালগাছের নীচে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে।
নিহত নজরুল ইসলাম (৪৫) উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম ব্যক্তিগত জীবনে সহজ সরল জীবন যাপন করতেন। তাঁর এমন মৃত্যু স্থানীয়দের ভাবিয়ে তুলেছে। কে বা কারা, কি কারণে সহজ সরল এই লোকটিকে এমন নির্মমভাবে হত্যা করেছে, তার প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান, আমরা নিহত নির্মাণ শ্রমিক নজরুলের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করা হবে।
নজরুল ইসলাম হত্যার সাথে এক না একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

