জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধপপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চিলাউরা গ্রামের মৃত খলিল মিয়া ছেলে সারজান (২২) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে বাহরাইন প্রবাসী মোর্শেদ (২৫)।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুইজন মোটরসাইকেলযোগে জগন্নাথপুর থেকে রাণীগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। পরে রাণীগঞ্জের গন্ধপপুর গ্রামের সড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দু’জনের মৃত্যু হয়।

