মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে লাশ হলেন প্রবাসী যুবক
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট রশীদ আলী (২৫) নামে দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর শহরের জয়পাশা গ্রামের সমেদ আলীর বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রশীদ আলী উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামের মকবুল আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্ত্রীর বড় ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে দুবাই প্রবাসী রশীদ আলী শ্বশুর বাড়িতে যান। মঙ্গলবার শ্বশুর বাড়িতে ফ্রিজ ও আসবাবপত্র স্থানান্তরে সহযোগিতা করছিলেন রশীদ। এ সময় স্থানান্তরিত ফ্রিজের সুইচ বোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজন রশীদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কুলাউড়া থানার এসআই মো. আবুল বাশার বলেন, লাশের সুরতহাল ও ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্রিজের সুইচ বোর্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশীদ মারা গেছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

