সিলেটে মা ও ছেলে খুন
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৮
সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার একটি বাসায় মা ও ছেলেকে গলা কেটে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। নিহতরা হলেন নগরীর বারুতখানা এলাকার হেলাল আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম রূপম (১৬)।
পুলিশ জানায়, প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে তারা মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫ নম্বর বাসায় যায়। সেখানে গিয়ে তিন তলার বাসার নিচ তলার ফ্লাট থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করে। দুটি লাশের মধ্যে মায়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


