টাওয়ার হ্যামলেটস : একই পরিবার সদস্যদের মধ্যে ১১৯৫টি অপরাধ
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ২২ ডিসেম্বর: বাঙালি অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটসে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রায় ১২শ অপরাধ সংঘটিত হয়েছে পারিবারিক বলয়ের ভেতরে। এর আগে এই সংখ্যা ছিল ১৪৬০। ইস্ট লন্ডন এডভার্টারাইজে প্রকাশিত এক সংবাদ থেকে এই তথ্য জানা গেছে। ফ্রিডম অব ইনফরমেশন থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়। তাতে বলা হয়েছে, টাওয়ার হ্যামলেটসে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘটিত ১১৯৫টি অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছে গত জানুয়ারি থেকে সেপ্টম্বরের ভেতরে। যা বারায় সংঘটিত সার্বিক অপরাধের ৬ শতাংশ এবং হিংসাত্মক অপরাধগুলোর মধ্যে প্রায় ১৬ শতাংশ। পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। রক্তের সম্পর্ক, বিয়ে বা সিভিল পার্টনার এবং অভিভাবকত্বের সম্পর্কে সম্পৃক্ত একে অন্যের মধ্যে সংঘটিত অপরাধকেই পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়।
একই সময়ে টাওয়ার হ্যামলেটসে ৭৫টি যৌন হয়রানি সংক্রান্ত অপরাধ, ৬টি ছিনতাই, ১২টি ডাকাতি, ৩৯টি ছুরিসহ ১১৫টি আর্সেন এবং ক্ষতিকারক অপরাধের ঘটনাও ঘটেছে। এছাড়াও ৯টি গাড়ি সংক্রান্ত অপরাধের ঘটনা ঘটে। গত জানুয়ারি থেকে সেপ্টম্বরের ভেতর তিনটি মাদক সংক্রান্ত অপরাধ, দু’টি সশস্ত্র অপরাধসহ অন্যান্য ১৪টি অপরাধের ঘটনার রিপোর্ট রেকর্ড করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে শুধু টাওয়ার হ্যামলেটসই নয়, পুরো লন্ডন জুড়েই পরিবারের অভ্যন্তরীণ কলহের জেরে অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে পুরো লন্ডনে এ ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল ৪০ হাজার ১শ ৫৪ জন। ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৫ হাজার ৬৬৬তে। আর ২০১৬ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৪৬ হাজার ৪১০।

