ব্রিটেনে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ২০ ডিসেম্বর: ব্রিটেনে ক্রিসমাসের সময় কট্টরপন্থী ইসলামীক গ্রুপ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে ৪জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে তিন জনের বয়স ২২, ৩৬ ও ৪১। তাদেরকে শেফিল্ড এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন সন্ত্রাসদমন বিভাগের কর্মকর্তারা। চতুর্থ ব্যক্তির বয়স ৩১ বছর। তাকে গ্রেফতার করা হয় চেস্টারফিল্ড এলাকা থেকে। এই অভিযানের নেতৃত্ব দেয় নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিট।
ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের এক মুখপাত্র বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম পুলিশের একটি চলমান তদন্তের অংশ হিসেবে অভিযানটির পরিকল্পনা করা হয়।
মুখপাত্র আরও বলেন, আমরা বুঝতে পারছি অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিতে পারে। আমরা স্থানীয়দের আতঙ্কিত না সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি। মানুষের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
ব্রিটেনের সন্ত্রাসবাদ আইন-২০০০ অনুসারে সন্দেহজনক কর্মকান্ডের প্রস্তুতির জন্য ওই চার ব্যক্তিকে আটক করা হয়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি পুলিশ স্টেশনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের সম্পত্তি অনুসন্ধান চলছে।
অভিযানের সময় শেফিল্ডের মিরসব্রুক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয়রা হয়ত অভিযানে কারও বাড়িতে প্রবেশের সময় বড় ধরনের শব্দ শুনতে পেয়েছেন। কিন্তু এটা কোনও বিস্ফোরণ ছিল না। কর্মকর্তারা নিশ্চিত করে জানাতে চান যে, এটা ছিল কারও বাড়িতে প্রবেশের একটি কৌশল।

