লন্ডন বাস : সার্বিক অপরাধ কমেছে, বেড়েছে যৌন হয়রানি
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ৭ ডিসেম্বর: গ্রেটার লন্ডনের ৩২টি বারায় বাসের ভেতরে সংঘটিত সার্বিক অপরাধ গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে। তবে বেড়েছে যৌন হয়রানি সংক্রান্ত অপরাধের মাত্রা। সংঘটিত সার্বিক অপরাধের মধ্যে চুরির ঘটনাই প্রায় অর্ধেক। আর বেশি অপরাধের ঘটনা ঘটেছে ওয়েস্ট মিনস্টার বারায়।
চলতি বছরের জানুয়ারি থেকে জুনের ভেতরে ৭ হাজার ৯শ ৫৭টি অপরাধের ঘটনা ঘটেছে লন্ডনের বাসগুলোতে। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ কম। গত বছর এই সংখ্যা ছিল ৮ হাজার ৫শ ৪৫। এবছর সংঘটিত সার্বিক অপরাধের মাত্রা কমলেও বাসের ভেতরে যৌন হয়রানি সংক্রান্ত অপরাধের ঘটনা বেড়েছে প্রায় ১০ শতাংশ। অন্যদিকে সার্বিক অপরাধের মধ্যে চুরির ঘটনা হল সবচাইতে বেশি।
দ্যা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনের প্রকাশিত তথ্যে অবশ্য দ্যা সিটি অব লন্ডন বারায় বাসের ভেতরে সংঘটিত অপরাধের কোন হিসেব নেই। আর এসব তথ্যের ভিত্তিতে কোন বারায় কত অপরাধ হয়েছে তা বিশ্লেষণ করেছে লকস্মীথ সার্ভিস নামে একটি ওয়েব সাইট। তাতে দেখা গেছে বাসে সংঘটিত অপরাধের তালিকার শীর্ষে রয়েছে ওয়েস্ট মিনস্টার বারা। এরপরেই আছে হ্যাকনি, কেমডেন, হ্যারিঙ্গে, ল্যামবেথ এবং ইসলিংটন বারা।
২০১৬ সালে বাসে সংঘটিত অপরাধের তালিকায় ৮ নম্বরে ছিল ইলিং বারা। চলতি বছর তা শীর্ষ ১০ থেকে বের হয়ে নিরাপদ বারার তালিকায় চলে এসেছে। ল্যামবেথও গত বছর সংঘটিত অপরাধের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। এবার পাঁচে এসেছে। তবে বাসের ভেতরে মোটামুটি নিরাপদ বারা হল রিচমন্ড, কেনসিংটন, সাটন এবং হ্যারো বারা।

