লন্ডনে বাংলাদেশী তরুণের উপর এসিড হামলার ঘটনায় দুই কিশোর আটক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৭
লন্ডন, ৯ নভেম্বর: লন্ডনে বাংলাদেশী তরুণের উপর এসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ওয়ালথামস্ট্রো এলাকায় এসিড হামলার শিকার হন নওশাদ কামাল ইমন (৩২)। ঘটনার পরদিন শুক্রবার ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশ। এর পরদিন শনিবার ১৬ বছর বয়সী অপর কিশোরকে আটক করে পুলিশ। তাদেরকে ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এই এসিড হামলার ঘটনায় বাংলাদেশি তরুণের চোখ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, নওশাদের দু’টো চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নওশাদের স্বজনরা জানিয়েছে, ‘হামলায় তার দু’টি চোখই পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এমন আশঙ্কার কথা চিকিৎসকরা জানিয়েছেন।’ নওশাদ সিলেট নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, নওশাদ গত আট বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। মোপেড (মোটরসাইকেল) যোগে রেস্টুরেন্টের পিজা বিভিন্ন বাসায় পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি। ঘটনার সময় পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় একটি ঠিকানায় পিজা পৌঁছে দিতে গেলে কতিপয় কিশোর এসিড জাতীয় পদার্থ ছুঁড়ে মারে। আধাঘণ্টার ভেতরে দু’বার এসিড হামলার শিকার হন তিনি। বাইক ও সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের। এদিকে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিক্ষোভ করেছেন লন্ডনের পিজা ডেলিভারি ম্যানরা।

